বিশ্বতশ্চক্ষুরুত বিশ্বতোমুখো বিশ্বতোবাহুরুত বিশ্বতস্পাৎ ।
সং বাহুভ্যাং ধমতি সং পতত্রৈদর্যাবাভূমী জনয়ন্ দেব একঃ ॥ ৩ ॥(১)
(১)যজুর্বেদ অধ্যায় ১৭ ।১৯, অথর্ববেদ ১৩ ।২৬ এবং ঋগ্বেদের ১০ ।৮১ ।৩ মন্ত্রও একইরূপে বর্তমান ।
ব্যাখ্যা—পরমেশ্বর এক হলেও সর্বত্রই তাঁর চক্ষু, সর্বত্র মুখ, সর্বত্র হস্ত, তিনি সর্বত্র চরণসম্পন্ন । তিনি সমস্ত লোকস্থিত জীবের কর্ম, মনোভাব তথা বিভিন্ন ঘটনা নিজ দিব্যশক্তির মাধ্যমে নিরন্তর নিরীক্ষণ করেন । কোনো কিছুই তাঁর দৃষ্টির অগোচর নয় । তাঁর ভক্ত তাঁকে যে স্থানেই ভোজ্যবস্তু সমর্পণ করেন তিনি সেখানেই তা গ্রহণ করেন । তিনি সর্বত্র প্রতিটি বস্তু একসঙ্গে গ্রহণ করতে এবং আশ্রিত ভক্তগণের ক্লেশাদি দূরীকরণে, রক্ষণাবেক্ষণে সম্পূর্ণরূপে সমর্থ । একই ক্ষণে বিভিন্ন ভক্ত বিভিন্ন স্থানে তাঁকে আহ্বান করলে তিনিও সর্বত্র উপস্থিত হন । সংসারে তাঁর শক্তি বা প্রভাবশূন্য কোনো স্থানই নেই । তিনিই আকাশ থেকে পৃথ্বী পর্যন্ত সকল লোক রচনা করেছেন । মানবাদিকে তিনিই দুটি করে বাহু এবং পক্ষী ইত্যাদিকে পক্ষ (পাখা) যুক্ত করেছেন । এখানে বাহু এবং পাখার কথা উপলক্ষণমাত্র । এতেই বোঝা যায় সমস্ত প্রাণীর শক্তির উৎস হলেন একমাত্র পরব্রহ্ম পরমাত্মা॥ ৩ ॥