যথৈব বিম্বং মৃদয়োপলিপ্তং তেজোময়ং ভ্রাজতে তৎ সুধান্তম্ ।
তদ্বাঽঽত্মতত্ত্বং প্রসমীক্ষ্য দেহী একঃ কৃতার্থো ভবতে বীতশোকঃ ॥ ১৪ ॥
ব্যাখ্যা—যেরূপ কোনো তেজোময় রত্ন মৃত্তিকালিপ্ত হলে তার প্রকৃত স্বরূপ নয়নগোচর হয় না, কিন্তু উত্তমরূপে পরিমার্জনের ফলে তার প্রকৃত স্বরূপ দৃষ্টিগোচর হয়, বস্তুর উজ্জ্বলতা প্রতিভাত হয়, সেইরূপ এই জীবাত্মার বাস্তবিক স্বরূপ অত্যন্ত স্বচ্ছ হলেও অনন্ত জন্মজন্মান্তরে কৃত কর্মের সংস্কার মাধ্যমে মলিন হওয়ার জন্য প্রত্যক্ষরূপে প্রতিভাত হয় না । কিন্তু যখন মানব ধ্যানযোগমাধ্যমে সমস্ত মল অপসারণ করে আত্মার যথার্থ স্বরূপ প্রত্যক্ষ করে তখন সে অসঙ্গ হয় । অর্থাৎ মানবের জড় বস্তুর সঙ্গে যে একাত্মতা ছিল সেটি নষ্ট হয়ে যায় এবং কৈবল্যাবস্থা প্রাপ্ত হয় । তখন মানব সর্ববিধ দুঃখ থেকে মুক্ত হয় এবং কৃতকৃত্য হয় । তাঁর মানব জন্ম সফল হয় (যোগ. ৪ ।৩৪)॥ ১৪ ॥