লঘুত্বমারোগ্যমলোলুপত্বং বর্ণপ্রসাদং স্বরসৌষ্ঠবং চ ।
গন্ধঃ শুভো মূত্রপুরীষমল্পং যোগপ্রবৃত্তিং প্রথমাং বদন্তি ॥ ১৩ ॥
ব্যাখ্যা—সমস্ত ভূতের উপর বিজয়ী ধ্যানযোগী পূর্বোক্ত শক্তিসমূহ ব্যতীত কিছু অতিরিক্ত শক্তিও অর্জন করেন । তাঁর শরীরও হাল্কা হয়, শরীরের ভার লঘু হয়, দেহে কোনোপ্রকার আলস্যভাব থাকে না । তিনি সর্বদাই নীরোগ থাকেন । ভৌতিক পদার্থের প্রতি তাঁর কোনোপ্রকারের আসক্তি থাকে না । কোনো ভৌতিক পদার্থ সম্মুখে এলেও তাঁর মন এবং ইন্দ্রিয়গুলি সেদিকে ধাবিত হয় না । তাঁর শারীরিক বর্ণ উজ্জ্বল হয়ে যায় । স্বর অত্যন্ত মধুর এবং স্পষ্ট হয় । শরীর থেকে উত্তম গন্ধ নিঃসৃত হয়ে সর্বত্র প্রসারিত হতে থাকে । মল এবং মূত্র এই দুটির আধিক্য থাকে না । এই সমস্তই যোগমার্গের প্রারম্ভিক সিদ্ধি—যোগিগণ এইরূপ বলেন॥ ১৩ ॥