সম্বন্ধ—প্রথম অধ্যায়ে ধ্যানকে পরমদেব পরমাত্মার সাক্ষাৎকারের প্রধান উপায় বলা হয়েছে । ওই ধ্যানের প্রক্রিয়া বলার জন্য দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে । এতে প্রথমে ধ্যান সিদ্ধির জন্য পাঁচটি মন্ত্রে পরমেশ্বরের প্রার্থনার প্রকার বলা হচ্ছে—
যুঞ্জানঃ প্রথমং মনস্তত্ত্বায় সবিতা ধিয়ঃ ।
অগ্নের্জ্যোতির্নিচায্য পৃথিব্যা অধ্যাভরত॥ ১ ॥(১)
(১)এই মন্ত্রটি যজুর্বেদের একাদশ অধ্যায়ের প্রথম মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—সকলের উৎপন্নকর্তা পরমাত্মা প্রথমে আমাদের মন এবং বুদ্ধির বৃত্তিগুলিকে তত্ত্বপ্রাপ্তিহেতু যেন নিজ দিব্যস্বরূপে যুক্ত করেন এবং অগ্নি আদি ইন্দ্রিয়াভিমানী দেবতাগণের বিষয়সমূহ প্রকাশ করার যে সামর্থ্য, তা লক্ষ্যে রেখে বাহ্য বিষয় থেকে ফিরিয়ে আমাদের ইন্দ্রিয়ে স্থিরতাপূর্বক স্থাপিত করেন, যাতে আমাদের ইন্দ্রিয়ের প্রকাশ বহির্মুখী না হয়ে বুদ্ধি এবং মনের স্থিরতায় সহায়ক হয়॥ ১ ॥