জ্ঞাত্বা দেবং সর্বপাশাপহানিঃ ক্ষীণৈঃ ক্লেশৈর্জন্মমৃত্যুপ্রহাণিঃ ।
তস্যাভিধ্যানাৎ তৃতীয়ং দেহভেদে বিশ্বৈশ্বর্যং কেবল আপ্তকামঃ ॥ ১১ ॥
ব্যাখ্যা—পরমপুরুষ পরমাত্মার নিরন্তর ধ্যান করতে করতে যখন সাধক ওই পরমদেবকে জ্ঞাত হন, তখন তাঁর সমস্ত বন্ধন চিরতরে ছিন্ন হয়, মুক্ত হয় । কারণ অবিদ্যা, অস্মিতা, (অহংকার) রাগ (আসক্তি), দ্বেষ এবং মৃত্যুভয়—এই পঞ্চক্লেশ নাশ হওয়াতে তাঁর জন্ম-মৃত্যু চক্র চিরতরে লুপ্ত হয় । তিনি পুনরায় বন্ধনযুক্ত হন না । এই শরীর নষ্ট হলে তিনি তৃতীয় লোক অর্থাৎ স্বর্গীয় উচ্চস্তর—ব্রহ্মলোক পর্যন্ত মহান ঐশ্বর্যসমূহ ত্যাগ করে, প্রকৃতিবিযুক্ত, সর্বতোভাবে বিশুদ্ধ কৈবল্যপদ লাভ করে পূর্ণকাম হন । তাঁর কোনোপ্রকার কামনা থাকে না । কারণ তিনি সকল কামনার পূর্ণ ফলই লাভ করেছেন॥ ১১॥
সম্বন্ধ—জ্ঞেয় তত্ত্বের পুনর্বর্ণনা করছেন—