সংযুক্তমেতৎ ক্ষরমক্ষরং চ ব্যক্তাব্যক্তং ভরতে বিশ্বমীশঃ ।
অনীশশ্চাত্মা বধ্যতে ভোক্তৃভাবাজ্জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশৈঃ ॥ ৮॥
ব্যাখ্যা—বিনাশশীল জড়বর্গ, যাকে শ্রীভগবানের অপরা প্রকৃতি তথা ক্ষরতত্ত্ব বলা হয়েছে এবং শ্রীভগবানের পরা প্রকৃতিরূপ জীবসমুদয়, যা অক্ষরতত্ত্ব নামে অভিহিত—এই উভয়ের সংযোগে নির্মিত, প্রকট (স্থূল) এবং অপ্রকট (সূক্ষ্ম) রূপে স্থিত এই সমস্ত জগৎকে ওই পরমপুরুষ পুরুষোত্তমই ধারণ-পোষণ করেন । তিনিই সকলের স্বামী, সর্বান্তর্যামী, সর্বপ্রেরক তথা সকলের যথাযোগ্য সঞ্চালক এবং নিয়ামক । জীবাত্মা এই জগতের বিষয়াদির ভোক্তা হওয়ায় প্রকৃতির অধীন হয়ে এর মায়াজালে আবদ্ধ হয়ে পড়েন । পরমদেব পরমাত্মার দিকে তাঁর দৃষ্টি থাকে না । কখনো যদি সর্বসুহৃদ পরমাত্মার অহৈতুকী অনুকম্পায় মহাপুরুষগণের সঙ্গ লাভ করেন, তাঁকে জানার অভিলাষী হয়ে পূর্ণ প্রচেষ্টা করেন, তখন ওই পরমদেব পরমেশ্বরকে জেনে সমস্ত বন্ধন থেকে চিরকালের জন্য এই জীবাত্মা মুক্ত হন॥ ৮ ॥
সম্বন্ধ—পুনরায় জীবাত্মা, পরমাত্মা এবং প্রকৃতি—এই তিনের স্বরূপের পৃথক পৃথক বর্ণনা করে দুটি মন্ত্রে এই তত্ত্ব অবহিত হয়ে উপাসনা করার ফল জানানো হচ্ছে—