অথ প্রতিস্প্যাঞ্জলৌ মন্থমাধায় জপত্যমো নামাস্যমা হি তে সর্বমিদং স হি জ্যেষ্ঠঃ শ্রেষ্ঠো রাজাধিপতিঃ স মা জ্যৈষ্ঠং শ্রৈষ্ঠং রাজ্যমাধিপত্য গময়ত্বহমেবেদং সর্বমসানীতি ॥ ৬
অন্বয় : অথ প্রতিসৃপ্য (অগ্নি হইতে দূরে যাইয়া) অঞ্জলৌ (অঞ্জলিতে) মথম্ আধায় (গ্রহণ করিয়া) জপতি (জপ করে) এ অমঃ নাম অসি (হও); অমা (সহিত) হি তে (তোমার; তে অমা— তোমার সহিত) সর্বম্ ইদম্ (এই সমুদয়)। সঃ (তিনি) হি জ্যেষ্ঠঃ শ্রেষ্ঠঃ, রাজা (রাজা বা দীপ্তিমান্) অধিপতিঃ। সঃ মা (আমাকে) জ্যৈষ্ঠম্ (জ্যেষ্ঠত্ব গুণকে) শ্রৈষ্ঠম্ (শ্রেষ্ঠত্বকে) রাজ্যম্ (দীপ্তিকে বা রাজ্যকে) আধিপত্যম্ গময়তু (প্ৰাপ্ত করান) অহম্ (আমি) এর ইদম্ সর্বম্ অসানি (হই) ইতি।
সরলার্থ : তারপর অগ্নি হইতে কিছু দূরে সরিয়া মন্থ হাতে নিয়া এই মন্ত্র জপ করিবে— হে মন্থ (অর্থাৎ হে প্ৰাণ), তোমার নাম অম; এই সবকিছু তোমাতে প্রতিষ্ঠিত। তিনি (অর্থাৎ মন্থরূপী প্রাণ) জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ, দীপ্তিমান এবং অধিপতি। তিনি আমাকে জ্যেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব, দীপ্তি ও আধিপত্য দান করুন। আমি সর্বাত্মক হইতে চাই।
মন্তব্য : শঙ্কর বলেন, ‘অমা’ প্রাণের একটি নাম।