অন্যতরামেব বর্তনীং সংস্করোতি হীয়তেহন্যতরা স যথৈকপাদ্ ব্ৰজ রথো বৈকেন চক্রেণ বর্তমানো রিষ্যত্যেবমস্য যজ্ঞো রিষ্যতি যজ্ঞং রিষ্যন্তং যজমানোহনুরিষ্যতি স ইষ্ট্বা পাপীয়ান্ ভবতি ॥ ৩
অন্বয় : অন্যতরাম্ এব বর্তনীম্ (দুইটির মধ্য একটি পথকে) সংকরোতি (সংস্কার করেন), হীয়তে (হীন হয়) অন্যতরা (মনোরূপ পথটি)। স যথা (যেমন, যে যেমন) একপাদ্ (একপদ বিশিষ্ট) ব্রজ (গমন করিয়া), রথঃ বা (অথবা যেমন রথ) একেন চক্রেণ (এক চক্রের সহিত) বর্তমানঃ রিষ্যতি (বিনাশ প্রাপ্ত হয়), এবম্ (এই প্রকার) অস্য (ইহার) যজ্ঞঃ রিষ্যতি। যজ্ঞম্ রিষ্যন্তম্ [অনু] (যজ্ঞ বিনষ্ট হইলে; যজ্ঞ বিনাশের অনুগমন করিয়া) যজমানঃ অনু রিষ্যতি। সঃ ইষ্ট্বা (যজ্ঞ করিয়া) পাপীয়ান্ (অধিকতর পাপী) ভবতি (হয়)।
সরলার্থ : তবে তিনি একটি পথকেই (অর্থাৎ বাক্যরূপ পথকেই) সংস্কৃত করেন; কিন্তু অন্য পথটি (অর্থাৎ মনোরূপ পথটি) বিনষ্ট হয়। যেমন একপদ বিশিষ্ট মানুষ কিংবা একচক্র বিশিষ্ট রথ চলতে গেলে বিনষ্ট হয়, তেমনি ইহার যজ্ঞ নষ্ট হয়। যজ্ঞ বিনষ্ট হইলে যজমানও বিনষ্ট হয়; সে যজ্ঞ করিয়া আরো অধিক পাপের ভাগী হয়।
মন্তব্য : ‘সঃ যথা’—অনেকস্থলে ‘য’ কিংবা ‘তৎ’ শব্দ ‘যথা’ ও ‘যদি’ শব্দের সহিত ব্যবহৃত হয়। ‘যথা’ এবং ‘যদি’ শব্দের অর্থ দৃঢ়ীকৃত করিবার জন্যই এই প্রকার প্রয়োগ। পালিতে ‘শেষ যথা’ প্রাকৃতে ‘সেজ্জহা’, ‘তজহা’ ইত্যাদির প্রয়োগ আছে। ইহার অর্থ ‘যেমন’, ‘সে যেমন’।