তদ্বৈতদ্ ব্ৰহ্মা প্রজাপতয় উবাচ প্রজাপতির্মনবে মনুঃ প্রজাভ্যঃ আচার্য-কুলাদ্ বেদমধীত্য যথাবিধানং গুরোঃ কর্মাতিশেষেণা— ভিসম্যবৃত্য কুটুম্বে শুচৌ দেশে স্বাধ্যায়মধীয়ানো ধার্মিকান্ বিদধদাত্মনি সর্বেন্দ্রিয়াণি সংপ্রতিষ্ঠাপ্যাহিংসন্ সর্বভূতান্যন্যত্র তীর্থেভ্যঃ স খল্বেবং বর্তয়ন্ যাবদায়ুষং ব্রহ্মলোকমভিসংপদ্যতে ন চ পুনরাবর্ততে ন চ পুনরাবর্ততে ॥ ১
অন্বয় : তৎ হ এতৎ (সেই এই তত্ত্ব) ব্রহ্মা প্রজাপতয়ে (প্রজাপতিকে) উবাচ (বলিয়াছিলেন)। প্রজাপতিঃ মনবে (মনুকে) মনুঃ প্রজাভ্যঃ (মানবগণকে)। আচাৰ্যকুলাৎ (আচার্যকুল হইতে) বেদম্ অধীত্য (অধ্যয়ন করিয়া) যথাবিধানম্ (যথারীতি) গুরোঃ কর্ম+অতিশেষেণ (গুরুর কর্ম শেষ করিয়া অবসর সময়ে), অভিসমাবৃত্য (প্রত্যাবর্তন করিয়া) কুটুম্বে (গার্হস্থ্যে) শুচৌ দেশে (পবিত্র স্থানে) স্বাধ্যায়াম্ অধীয়ানঃ (বেদপাঠ করিয়া) ধার্মিকান্ বিদধৎ (ধার্মিক পুত্রগণের পিতা হইয়া; কিংবা ধার্মিক পুত্র ও শিষ্যগণকে পালন করিয়া) আত্মনি (নিজ আত্মাতে বা পরমাত্মাতে) সৰ্বেন্দ্রিয়াণি (ইন্দ্রিয়সমূহকে) সংপ্রতিষ্ঠাপ্য (সুপ্রতিষ্ঠিত করিয়া) অহিংসন্ (হিংসা না করিয়া) সর্বভূতানি (ভূতসমূহকে) অন্যত্র তীর্থেভ্যঃ (তীর্থ ব্যতীত অন্যস্থানে) সঃ খলু এবম্ (এই প্রকারে) বর্তায়ন্ (জীবন যাপন করিয়া) যাবৎ+আয়ুষম্ (যাবজ্জীবন) ব্রহ্মলোকম্ অভিসম্পদ্যতে (প্রাপ্ত হয়) ন চ পুনঃ আবর্ততে (প্রত্যাবর্তন করে), ন চ পুনঃ আবর্ততে (দ্বিরুক্তি সমাপ্তিসূচক)।
সরলার্থ : ব্রহ্মা প্রজাপতিকে, প্রজাপতি মনুকে এবং মনু মানবগণকে এই তত্ত্ব বলিয়াছিলেন। যিনি আচার্যকুলে গুরুসেবা করিয়া অবসর সময়ে যথাবিধি অধ্যয়ন করেন, তারপর গার্হস্থ্য আশ্রমে ফিরিয়া পবিত্র স্থানে বেদ পাঠ করেন, ধার্মিক পুত্রের পিতা হন (কিংবা ধার্মিক পুত্র ও শিষ্যগণকে পালন করেন), সমস্ত ইন্দ্রিয়কে আত্মাতে সুপ্রতিষ্ঠিত করেন, তীর্থ ভিন্ন অন্যত্র হিংসা ত্যাগ করেন এবং যাবজ্জীবন এই রকম আচরণ করেন, তিনি (মৃত্যুর পর) ব্রহ্মলোকে যান, তাঁহাকে আর (জন্মলাভের জন্য) ফিরিয়া আসিতে হয় না—আর ফিরিয়া আসিতে হয় না।
মন্তব্য : (ক) ‘কর্মাতিশেষেণ’কেহ কেহ বলেন ইহার অর্থ বিদ্যাসমাপ্তির পর গুরুর প্রতি যে কর্তব্য তাহা শেষ করিয়া অর্থাৎ দক্ষিণা দিয়া। কিন্তু আমরা যে অর্থ গ্রহণ করিয়াছি, মহাভারতেও ঠিক সেই অর্থেই শব্দ ব্যবহৃত হইয়াছে (শান্তিপর্ব, ২৪১।১৯)। (খ) তীর্থ—শাস্ত্রানুমোদিত বিষয়, ক্ষেত্রাদি।