অথ যো বেদেদং মন্বানীতি স আত্মা মনোহস্য দৈবং চক্ষুঃ স বা এষ এতেন দৈবেন চক্ষুষা মনসৈতান্ কামান্ পশ্যন্ রমতে ॥ ৫
অন্বয় : অথ যঃ বেদ ইদম্ মন্বানি (মনন করিতে পারি) ইতি, সঃ আত্মা; মনঃ অস্য (ইহার) দৈবম্ চক্ষুঃ (দৈব চক্ষু)। সঃ বৈ এষঃ (সেই এই পুরুষ) এতেন দৈবেন চক্ষুষা—মনসা (মনোরূপ দৈবচক্ষু দ্বারা) এতান্ কামান্ (এই সমুদয় কাম্যবস্তুকে পশ্যন্ (দেখিয়া) রমতে (আনন্দ লাভ করে)।
সরলার্থ : আর যিনি জানেন যে, ‘আমিই মনন করিতেছি’, তিনিই আত্মা, মন তাঁহার দৈব চক্ষু, তিনি মনোরূপ দৈব চক্ষু দ্বারা সমস্ত কাম্যবস্তু দর্শন করিয়া আনন্দ লাভ করেন।
মন্তব্য : এই দুই মন্ত্রে বলা হইয়াছে যে, চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় কেবল যন্ত্র মাত্র, ইন্দ্রিয়গণ দর্শনশ্রবণাদি করে না, করেন আত্মা।