স বা এষ আত্মা হৃদি তস্যৈতদেব নিরুক্তং হৃদ্যয়মিতি তস্মাদ্ধৃদয়মহরহর্বা এবংবিৎ স্বর্গং লোকমেতি ॥ ৩
অন্বয় : সঃ বৈ এষঃ (সেই এই) আত্মা হৃদি (হৃদয়ে); তস্য (তাহার) এতদ্ এব (ইহাই) নিরুক্তম্ (নিঃ-উক্তম্=ব্যাখ্যা, মৌলিক অর্থ)—হৃদি অয়ম্ ইতি; তস্মাৎ (সেইজন্য) হৃদয়ম্ (হৃদয় এই নাম)। অহঃ+অহঃ বে এবম্+বিৎ (এই প্রকার জ্ঞানসম্পন্ন) স্বর্গম্ লোকম্ (স্বর্গলোকে) এতি (গমন করে)।
সরলার্থ : সেই আত্মা হৃদয়ে অবস্থিত। তাহার ব্যাখ্যা এই—অয়ম্ (ইহা) হৃদি (হৃদয়ে) এইজন্য ইহার নাম হৃদয়ম্। যিনি এই কথা জানেন, তিনি প্রতিদিন স্বর্গলোকে যান অর্থাৎ সুষুপ্তির সময়ে হৃদয়াকাশে ব্রহ্মলাভ করেন।
মন্তব্য : (১) এখানে ‘নিরুক্ত’ একটি সাধারণ শব্দ; অনেকেই মনে করেন ‘নিরুক্ত’ নামক গ্রন্থ বহু পরে রচিত হইয়াছিল। (২) হৃদ্যয়ম্—হৃদি+অয়ম্—ইনি হৃদয়ে। ‘হৃদ্যয়ম্’ এবং ‘হৃদয়ম্’ এই দুইটির উচ্চারণ প্রায় এক। ঋষি বলিতেছেন—ইনি (ইদম্) অর্থাৎ ব্রহ্ম হৃদয়ে (হৃদি), এইজন্য তাহার বিষয় বলা হয় ‘হৃদ্যয়ম্। সুতরাং হৃদয়ম্=হৃদয়ই ব্ৰহ্ম।