এতদ্ধ স্ম বৈ তদ্ বিদ্বানাহ মহিদাস ঐতরেয়ঃ স কিং ম এতদুপতপসি যোহাহমনেন ন প্রেষ্যামীতি স হ ষোড়শং বর্ষশতমজীবৎ প্র হ ষোড়শ বর্ষশতং জীবতি য এবং বেদ ॥ ৭
অন্বয় : এতৎ (এই তত্ত্ব) হ বৈ তৎ (সেই; তৎ এতৎ বিদ্বান্—এই প্রকার অন্বয়, কিংবা তৎ + বিদ্বান্ তাহার জ্ঞাতা) বিদ্বান্ (জানিয়া) আহম (বলিয়াছিলেন) মহিদাসঃ ঐতরেয়ঃ (ইতরা নাম্নী নারীর অপত্য মহিদাস)—সঃ (সেই তুমি) কিম্ (কেন) মে (আমাকে, আমার দেহকে) এতৎ (এই প্রকারে) উপতপসি (সন্তপ্ত করিতেছ?) যঃ অহম্ (যে আমি) অনেন (ইহা অর্থাৎ এই ব্যাধি দ্বারা) ন প্রেষ্যামি (মরিব) ইতি। সঃ হ ষোড়শম্ বর্ষশতম্ (১১৬ বৎসর) অজীবৎ (জীবনধারণ করিয়াছিল)। হ ষোড়শম্ বর্ষশ- তম্ প্র জীবীত (জীবন ধারণ করে) যঃ এবম্ বেদ
সরলার্থ : ইতরার পুত্র মহিদাস এই তত্ত্ব জানিয়া বলিয়াছিলেন—’তুমি কেন আমাকে এইভাবে সন্তপ্ত করিতেছ? আমি ত ইহাতে মরিব না।’ তিনি ১১৬ বৎসর জীবনধারণ করিয়াছিলেন। যিনি ইহা জানেন তিনি ১১৬ বৎসর বাঁচেন।
মন্তব্য : মহিদাসঃ ঐতরেয়ঃ—শঙ্কর ও সায়ণ বলেন যে, ‘ইতরা’ নারীর অপত্য—এই অর্থে ‘ঐতরেয়’। কেহ কেহ বলেন ‘ঐতরেয়’ অর্থ ‘ইতর’ নামক পুরুষের অপত্যও হইতে পারে (Vedic Index; M. W. অভিধান)।