অভ্রাণি সংপ্লবন্তে স হিংকারো মেঘো জায়তে স প্রস্তাবো
বর্ষতি স উদ্গীথো বিদ্যোততে স্তনয়তি স প্রতিহার
উদ্গৃহাতি তন্নিধনমেতদ্বৈরূপং পর্জন্যে প্ৰোতম্ ॥ ১
অন্বয় : অভ্রাণি (অভ্রসমূহ=মেঘের প্রথমাবস্থা, যে অবস্থায় ইহা জল ধারণ করে; অপ্—জল; ভূ—ধারণ করা) সংপ্লবন্তে (ঘনীভূত হয়) সঃ হিঙ্কারঃ। মেঘঃ জায়তে (উৎপন্ন হয়) সঃ প্রস্তাবঃ। বর্ষতি (বর্ষণ করে) সঃ উদ্গীথঃ। বিদ্যোততে (বিদ্যুৎ প্রকাশিত হয়), স্তনয়তি (গর্জন করে) সঃ প্রতিহারঃ; উৎ গৃহ্নাতি (উপসংহার হয়) তৎ নিধনম্। এতৎ বৈরূপম্ (এই বৈরূপ নামক সাম) পর্জন্যে (মেঘে) প্রোতম্ (নিহত)।
সরলার্থ : লঘু মেঘ যে ঘনীভূত হয়, তাহাই হিংকার; জলবর্ষী মেঘ উৎপন্ন হয়, তাহাই প্রস্তাব; বৃষ্টি যে বর্ষিত হয়, তাহাই উদ্গীথ; বিদ্যুৎ প্রকাশিত হয় এবং মেঘ গর্জন করে তাহাই প্রতিহার; ইহার যে নিবৃত্তি তাহাই নিধন। ‘বৈরূপ’ নামক এই সাম মেঘে প্রতিষ্ঠিত।