অথ যৎ প্রথমোদিতে স প্রস্তাবস্তদস্য মনুষ্যা অন্বায়ত্তাস্তস্মাত্তে
প্রস্তুতিকামাঃ প্রশংসাকামাঃ প্রস্তাবভাজিনো হ্যেতস্য সাম্নঃ ॥ ৩
অন্বয় : অথ (তাহার পর) যৎ (যাহা) প্রথম+উদিতে (প্রথম উদিত হইলে ‘যে রূপ’) সঃ প্রস্তাবঃ; তৎ [অন্বায়ত্তা] (সেই রূপের অনুগত) অস্য (সামরূপী আদিত্যের) মনুষ্যাঃ (মনুষ্যগণ) অন্বায়ত্তাঃ (অনুগত) তস্মাৎ (সেইজন্য) তে (তাহারা) প্রস্তুতিকামাঃ (স্তুতিকামী) প্রশংসাকামাঃ (প্রশংসাকামী); প্রস্তাবভাজিনঃ (‘প্রস্তাব’ নামক অংশের ভাগী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।
সরলার্থ : সূর্য প্রথম উদিত হইলে ইহার যে রূপ, সেই রূপই ‘প্রস্তাব’। মানুষ সেই রূপের অনুগত; এইজন্য তাহার স্তুতি ও প্রশংসা কামনা করিয়া থাকে। এই সামের যে ‘প্রস্তাব’ নামক অংশ তাহারা সেই অংশের ভাগী।