তেনেয়ং ত্রয়ী বিদ্যা বর্ততে ওমিত্যাশ্রাবয়ত্যোমিতি শংসত্যোমিত্যুদ্গায়ত্যে-তস্যৈবাক্ষরস্যাপচিত্যৈ মহিমা রসেন ॥৯
অন্বয় : তেন (সেই অক্ষর দ্বারা) ইয়ম্ (এই) ত্রয়ী (তিন) বিদ্যা বর্ততে (প্রবর্তিত হয়); ‘ওম্’ ইতি (‘ওম্ এই বলিয়া) আশ্রাবয়তি (অধ্বর্য শ্রবণ করান), ওম্ ইতি শংসতি (হোতা মন্ত্র পাঠ করেন) ওম্ ইতি উদ্গায়তি (উদ্গাতা উদ্গান করেন)। এতস্য এব অক্ষরস্য (এই অক্ষরেরই) অপচিত্যৈ (পূজার জন্য) মহিমা (মহিমা দ্বারা) রসেন (রস দ্বারা, শঙ্করের মতে, ব্রীহি-যবাদির রস দ্বারা যে হবি প্রস্তুত হয় তাহাই এ স্থলে রস)।
সরলার্থ : সেই অক্ষর দ্বারাই এই ত্রয়ী বিদ্যা (বেদত্রয়বিহিত যজ্ঞ) প্রবর্তিত হয়। ‘ওম্’ উচ্চারণ করিয়াই শ্রবণ করান হয়; ‘ওম্’ উচ্চারণ করিয়াই মন্ত্রপাঠ করা হয় এবং ‘ওম্’ উচ্চারণ করিয়াই উদ্গান করা হয়। এই সকলই এই অক্ষরের পূজার জন্য; এই সকলই ইহার মহিমা ও রসদ্বারা সম্পাদিত হইয়া থাকে।
মন্তব্য : অক্ষর দ্বারা যাগহোমাদি কর্ম সম্পাদিত হয়। এই কর্ম আদিত্যমণ্ডলে উপস্থিত হয়, আদিত্য বৃষ্টি প্রেরণ করেন, বৃষ্টি হইতে অন্ন উৎপন্ন হয় এবং অন্ন হইতে প্রাণের উৎপত্তি। ইহাই ‘ওম্’ শব্দের মহিমা ও রস (শঙ্কর)।
শঙ্কর ও আনন্দগিরির মতে মহিমা=ঋত্বিক, যজমান ও যজমানপত্নী— এই সকলের প্রাণ।