যদা ন লভতে হেতূনুত্তমাধমমধ্যমান্।
তদা ন জায়তে চিত্তং হেত্বভাবে ফলং কুতঃ॥৭৬
অন্বয়: [চিত্তম্] যদা (যখন মন); উত্তম-অধম-মধ্যমান্ হেতূন্ ন লভতে (ভালো, মন্দ বা মাঝারি কোন কারণকে স্বীকার করে না); তদা চিত্তং ন জায়তে (তখন আর মনের জন্ম হয় না); হেত্বভাবে (যদি কারণ না থাকে); ফলং কুতঃ (ফল কোথা থেকে আসবে?)।
সরলার্থ: মন যখন ভালো, মন্দ বা মাঝারি কোন কারণকেই আর স্বীকার করে না, তখন তার আর পুনর্জন্ম হয় না। কারণ যদি না থাকে, তবে কার্য থাকে কি করে? (মন বাসনামুক্ত হলে সে আর কারণ দেখে না। সুতরাং তার আর জন্মও হয় না।)
ব্যাখ্যা: সকল প্রাণীকে তিন শ্রেণীতে ভাগ করা যায়—উত্তম, মধ্যম এবং অধম। যাঁরা উত্তম তাঁরা ঈশ্বরতুল্য। তাঁরা তাঁদের কাজে শাস্ত্রীয় নির্দেশ পালন করেন। মধ্যম যাঁরা তাঁরা সাধুজীবন যাপনে চেষ্টা করেন। আর অধম শ্রেণীর অন্তর্গত হল পশু এবং কীটপতঙ্গ। এরা অধম এই অর্থে যে ভালো-মন্দ বিচারে তারা অক্ষম।
এই শ্রেণীবিভাগ অজ্ঞ ব্যক্তির পক্ষেই প্রযোজ্য। অর্থাৎ কিছু মানুষ আছেন যাঁরা আত্মা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আত্মা সবরকম শ্রেণীবিভাগের ঊর্ধ্বে, শুদ্ধ এবং স্বতন্ত্র। আত্মা আত্মাই (কেবল)। আত্মা সকল কামনামুক্ত, আপনাতে আপনি তৃপ্ত।
যে ব্যক্তি সব ভেদাভেদের ঊর্ধ্বে, তার আর পুনর্জন্ম হয় না।