আদাবন্তে চ যন্নাস্তি বর্তমানেঽপি তৎ তথা।
বিতথৈঃ সদৃশাঃ সন্তোঽবিতথা ইব লক্ষিতাঃ॥৩১
অন্বয়: যৎ (বস্তুটি); অদৌ (আবির্ভাবের আগে); অন্তে ন অস্তি (শেষ হয়ে গেলে দেখা যায় না); তৎ (বস্তুটি); বর্তমানে অপি (বর্তমানেও); তথা (এটি মিথ্যা); বিতথৈঃ সদৃশাঃ (মরীচিকার মতো দৃষ্টিভ্রম); সন্তঃ অবিতথাঃ ইব লক্ষিতাঃ (সত্য বলে মনে হয়)।
সরলার্থ: যদি এমন কোন বস্তু বর্তমানে থেকে থাকে, যা শুরুর আগেও ছিল না, আবার শেষ হয়ে গেলেও থাকবে না, তবে তাকে মিথ্যা বলেই ধরে নিতে হবে। মরীচিকার মতোই এও এক দৃষ্টিভ্রম—মনে হয় সত্য, কিন্তু আসলে সত্য নয়। যা সত্য তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ—এই তিনকালেই সত্য।
[কারিকাভাষ্য ২।৬ দ্রষ্টব্য]
সপ্রয়োজনতা তেষাং স্বপ্নে বিপ্ৰতিপদ্যতে।
তস্মাদাদ্যন্তবত্ত্বেন মিথ্যৈব খলু তে স্মৃতাঃ॥৩২
অন্বয়: তেষাম্ (জাগ্রত অবস্থায় যেসব বস্তু দেখা যায়); সপ্রয়োজনতা (সেই অবস্থায় কিছু উদ্দেশ্য সাধন করতে পারে); স্বপ্নে বিপ্ৰতিপদ্যতে (স্বপ্নাবস্থায় সেই কাজে নাও লাগতে পারে); তস্মাৎ (সুতরাং); তে (জাগ্রত অবস্থায় দেখা বস্তুগুলি); আদ্যন্তবত্ত্বেন (শুরু ও শেষ আছে); মিথ্যৈব খলু [তে] স্মৃতাঃ (এইসব বস্তু অবশ্যই মিথ্যা)।
সরলার্থ: জাগ্রত অবস্থায় আমরা অনেক বস্তু দেখি যা আমাদের কাজে লাগে। কিন্তু স্বপ্নাবস্থায় সেসব বস্তু হয়তো কোন কাজেই লাগে না। অর্থাৎ ঐসব বস্তুর শুরু ও শেষ দুই-ই আছে। এইসব বস্তু অবশ্যই মিথ্যা।
[কারিকাভাষ্য ২।৭ দ্রষ্টব্য]