চিত্তং ন সংস্পৃশত্যর্থং নার্থাভাসং তথৈব চ।
অভূতো হি যতশ্চার্থো নার্থাভাসস্ততঃ পৃথক্॥২৬
অন্বয়: [অতএব] চিত্তম্ (মন); অর্থম্ (বাহ্যবস্তু); ন সংস্পৃশতি (কোন সংযোগ নেই); ন অর্থাভাসং চ তথা এব (একইভাবে যে বস্তুগুলি সে দেখছে বলে কল্পনা করছে সেগুলি যে তার নিজেরই মনগড়া এ-ব্যাপারে সে সচেতন নয়); যতঃ (সেইজন্য); অর্থঃ (বাহ্যবস্তু); অভূতঃ হি (যথার্থই কোন অস্তিত্ব নেই); অর্থাভাসঃ চ (যেসব বস্তু দেখছে বলে মন কল্পনা করে); ততঃ পৃথক্ ন (সেগুলি মন থেকে পৃথক নয়)।
সরলার্থ: সুতরাং বাইরের কোন বস্তুর সঙ্গে মনের কোন যোগ ঘটে না। যদি মন ভাবে যোগ ঘটছে, তবে তা তার কল্পনা—যদিও একথা মন জানে না। তাই বাইরে যা দেখছি তার অস্তিত্ব নেই, তা কল্পনা, মনের বাইরের কোন বস্তু নয়।
ব্যাখ্যা: বাইরে কিছু নেই। আমাদের যদি মনে হয় বাইরে কি একটা আছে, আসলে কিছুই নেই। স্বপ্নে যেমন, বাইরেও তেমনি নানা জিনিস দেখা যায়। এ দেখা দেখা নয়। বাইরেই দেখি বা মনের মধ্যেই দেখি—সবই মনের সৃষ্টি মাত্র।