প্রজ্ঞপ্তেঃ সনিমিত্তত্বমন্যথা দ্বয়নাশতঃ।
সংক্লেশস্যোপলব্ধেশ্চ পরতন্ত্রাস্তিতা মতা॥২৪
অন্বয়: প্রজ্ঞপ্তেঃ (যখনি আমরা কিছু অনুভব করি [যেমন একটি শব্দ শুনলাম]); সনিমিত্তত্বম্ (সেই অনুভবের পেছনে অবশ্যই কোন কারণ থাকবে [এটি অবশ্যস্বীকার্য]); অন্যথা (অন্যথায় [যদি এটি কারণ বস্তু ছাড়াই ঘটে থাকে]); দ্বয়নাশতঃ (এর অর্থ দৃশ্যজগতে দুই বলে কিছু নেই); সংক্লেশস্য উপলব্ধেঃ চ (যন্ত্রণার অনুভূতি [কোন কিছু দ্বারা উৎপন্ন হয়—যেমন আগুন এবং এই যন্ত্রণার অনুভূতি প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়]); পরতন্ত্রাস্তিতা মতা (এই বাহ্যবস্তুর উপস্থিতি দ্বৈতবাদীদের শাস্ত্রীয় বক্তব্যকে সমর্থন করে)।
সরলার্থ: যখনি আমাদের কোন ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা হয় তখন অবশ্যই তার পেছনে কোন কারণ আছে। একথা স্বীকার না করার অর্থ হল, এ দৃশ্যজগতে যে দুই আছে তা অস্বীকার করছি। কিন্তু যন্ত্রণার অনুভূতি তো সবার হয়। সেক্ষেত্রে বাইরের কোন বস্তু আমাদের আঘাত করলে তবেই সেই অনুভূতি হয়ে থাকে। এই দুয়ের উপস্থিতিই দ্বৈতবাদী শাস্ত্রের বক্তব্য বিষয়।