খ্যাপ্যমানামজাতিং তৈরনুমোদামহে বয়ম্।
বিবদামো ন তৈঃ সার্ধমবিবাদং নিবোধত॥৫
অন্বয়: তৈঃ খ্যাপ্যমানাম্ (যাঁরা স্বপক্ষে বলেন); অজাতিম্ (সৃষ্টি না হওয়া); বয়ম্ অনুমোদামহে (আমরা তাঁদের সমর্থন করি); তৈঃ সার্ধং ন বিবদামঃ (আমরা তাঁদের [সাংখ্য] সঙ্গে বিবাদ করতে চাই না); [হে সাধকগণ] অবিবাদম্ (বিবাদের অবকাশ নেই [আত্মার প্রসঙ্গে]); নিবোধত (অনুধাবন কর)।
সরলার্থ: যাঁরা বলেন সৃষ্টি বলে কিছু নেই আমরা তাঁদের সঙ্গে একমত। কিন্তু অন্যদের সঙ্গেও আমাদের বিবাদ নেই। হে সাধকগণ, মন দিয়ে শোন, যেখানে আত্মার প্রসঙ্গ সেখানে বিবাদের অবকাশ নেই।
ব্যাখ্যা: অদ্বৈতবাদীর মতে সৃষ্টি বলে কিছু নেই। কিন্তু সৃষ্টি নিয়ে বাগ্বিতণ্ডায় তাঁরা কোন পক্ষই অবলম্বন করতে চান না; সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন। তাঁদের একটিমাত্র বক্তব্য : আত্মাকে জানার চেষ্টা কর।