ভূতস্য জাতিমিচ্ছন্তি বাদিনঃ কেচিদেব হি।
অভূতস্যাপরে ধীরা বিবদন্তঃ পরস্পরম্॥৩
অন্বয়: পরস্পরং বিবদন্তঃ (নিজেদের মধ্যে বিবাদে রত); কেচিৎ এব (কিছু মানুষ); বাদিনঃ (যাঁরা সাংখ্য দর্শনের সমর্থক); ভূতস্য (ইতিপূর্বেই যা রয়েছে); জাতিম্ ইচ্ছন্তি (মনে করেন জন্মগ্রহণ করেছে); অপরে ধীরাঃ (অন্যান্য পণ্ডিতবর্গ [অর্থাৎ ন্যায়-বৈশেষিক গোষ্ঠী]); অভূতস্য ([দাবি করে] যার অস্তিত্ব নেই তা [জন্মায়])।
সরলার্থ: পরস্পর বিবাদরত পণ্ডিতদের মধ্যে কিছু পণ্ডিত (সাংখ্য) মনে করেন যেসব বস্তু ইতিপূর্বেই রয়েছে তাদের জন্ম হওয়া সম্ভব। অন্য পণ্ডিতেরা (ন্যায়-বৈশেষিক) দাবি করেন যে কেবলমাত্র যে বস্তুর অস্তিত্ব নেই কেবল সে বস্তুই জন্মগ্রহণ করতে সক্ষম।
ব্যাখ্যা: এখানে দেখানো হচ্ছে দ্বৈতবাদীরা পরস্পর বাগ্বিতণ্ডায় লিপ্ত। দ্বৈতবাদী সাংখ্যরা বলেন, যেসব বস্তু ইতিপূর্বেই রয়েছে তাদেরই জন্ম হওয়া সম্ভব। অন্যদিকে দ্বৈতবাদী ন্যায়-বৈশেষিক গোষ্ঠী নিজেদের অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁদের দাবি, কেবলমাত্র যার অস্তিত্ব নেই সেইরকম বস্তুই জন্মগ্রহণে সক্ষম।