আত্মসত্যানুবোধেন ন সঙ্কল্পয়তে যদা।
অমনস্তাং তদা যাতি গ্রাহ্যাভাবে তদগ্ৰহম্॥৩২
অন্বয়: তৎ (মন); আত্মসত্যানুবোধেন (আত্মার সত্যস্বরূপ উপলব্ধি করে); যদা (যখন); ন সঙ্কল্পয়তে (কামনা করে না); তদা গ্রাহ্যাভাবেন (কোন বস্তুর আকাঙ্ক্ষা না থাকায়); অগ্রহম্ অমনস্তাম্ (নিষ্কাম ও মনাতীত অবস্থা); যাতি (লাভ করেন)।
সরলার্থ: যখন মন আত্মার সত্যস্বরূপ উপলব্ধি করে তখন সে নিস্ক্রিয় হয়; কারণ তখন আর মনের প্রত্যক্ষের বস্তু কিছু থাকে না; এমনকি প্রত্যক্ষ করার আকাঙ্ক্ষাও মনে উদিত হয় না। তখন মানুষ নিষ্কাম ও মনাতীত অবস্থা লাভ করে।
ব্যাখ্যা: এই মনের অতীত অবস্থা কিভাবে লাভ করা যায়? শাস্ত্র বলে ‘মাটিই সত্য। মাটিকে যে নানা আকার দেওয়া হয় সেগুলি সত্য নয়।’ একইভাবে আত্মাই সত্য। আত্মা সর্বব্যাপী। নিজের চেষ্টায়, শাস্ত্র পড়ে এবং আচার্যের নির্দেশ অনুসরণ করে এই আত্মার উপলব্ধি হয়। উপলব্ধি হলে তখন দেখি যা কিছু আছে সবই আত্মা এবং আমিই সেই আত্মা। তখন সর্বত্র নিজেকেই দেখি। অর্থাৎ তখন আমি ছাড়া দ্বিতীয় বস্তু না থাকায় কে কাকে দেখবে? এই অবস্থা ইন্ধনহীন আগুনের মতো। ইন্ধন না থাকলে আগুন আপনিই নিভে যায়। তেমনি মনকে সক্রিয় করার মতো কোন বস্তু না থাকায় মনের কাজ বন্ধ হয়ে যায়। বস্তুত মন আর মন থাকে না। আত্মায় লীন হয়ে যায়।