পাদা ইতি পাদবিদো বিষয়া ইতি তদ্বিদঃ।
লোকা ইতি লোকবিদো দেবা ইতি চ তদ্বিদঃ॥২১
অন্বয়: পাদাঃ ইতি পাদবিদঃ (যাঁরা পাদে বিশ্বাসী [পাদ অর্থাৎ পরমাত্মার তিন অবস্থা—বিশ্ব, তৈজস ও প্রাজ্ঞ] তাঁরা পাদকেই সত্য বলে মনে করেন); বিষয়াঃ ইতি তদ্বিদঃ (বাৎসায়ন ও তাঁর অনুগামীরা বিশ্বাস করেন জড়বস্তুই সত্য); লোকাঃ (তিন লোকই [ভূ, ভুবঃ এবং স্বঃ] সত্য); ইতি লোকবিদঃ (পুরাণ-বিশ্বাসীদের মতে); দেবাঃ ইতি চ তদ্বিদঃ (যাঁরা দেবদেবীতে বিশ্বাসী, তাঁদের মতে দেবদেবীই সত্য)।
সরলার্থ: যাঁরা পাদ অর্থাৎ অবস্থায় বিশ্বাসী, তাঁরা পাদকেই সত্য বলে মনে করেন। তাঁরা বিশ্ব, তৈজস ও প্রাজ্ঞ এই তিন রূপে আত্মাকে গ্রহণ করেন। আবার আর একদল মানুষ জড়বস্তুকেই সত্য বলে মনে করেন। তাঁরা বাৎসায়ন প্রতিষ্ঠিত দর্শনে বিশ্বাসী। আর এক শ্রেণীর চিন্তাবিদরা বলেন পুরাণই সত্য। তাঁদের মতে ভূ, ভুবঃ এবং স্বঃ এই তিন লোকই সত্য। আরও এক শ্রেণীর মানুষ আছেন যাঁরা দেবদেবীর পূজা করেন এবং দেবদেবীকেই সত্য বলে মনে করেন।