সোঽমাত্মাঽধ্যক্ষরমোঙ্কারোঽধিমাত্রং পাদা মাত্রা মাত্রাশ্চ
পাদা অকার উকারো মকার ইতি॥৮
অম্বয়: সঃ (সে [পূর্বোক্ত ব্যক্তি]); অয়ম্ আত্মা (এই আত্মা); অধ্যক্ষরম্ (বর্ণমালার আকারে); ওঙ্কার (এটি ওম্); অধিমাত্রম্ (মাত্রা [বর্ণমালা] রূপে); পাদাঃ মাত্রাঃ (পাদ সকলই মাত্রা বা বর্ণ [সেইরূপ]); অকারঃ (অ এই বর্ণটি); উকারঃ (উ এই বর্ণটি); মকারঃ (ম এই বর্ণটি); মাত্রা চ [এইসব] মাত্রাও); পাদঃ (পাদসকল [অর্থাৎ এ সবই অভিন্ন])।
সরলার্থ: ওঁকারের বর্ণমালারূপে (অর্থাৎ অ, উ, ম) এখানেও সেই একই পরমাত্মা। আত্মার পাদসমূহই ওঁকারের মাত্রা। আবার ওঁকারের মাত্রাসমূহই আত্মার পাদ। অকার, উকার, মকার এই তিনটি ওঁকারের মাত্রা।
ব্যাখ্যা: পূর্বেই বলা হয়েছে আত্মা চতুষ্পদ্—বিশ্ব (জাগ্রত অবস্থা), তৈজস্ (স্বপ্ন অবস্থা), প্রাজ্ঞ (সুষুপ্তি অবস্থা) এবং তুরীয় (শুদ্ধ চৈতন্য)। তুরীয়ই আত্মার প্রকৃত অবস্থা।
এই অ, উ, ম তিনটি বর্ণের দ্বারা আত্মার প্রথম তিনটি অবস্থাকে বোঝানো হয়েছে। এইজন্যই বর্তমান শ্লোকে পাদ এবং মাত্রাকে একই অর্থে ব্যবহার করা হয়েছে।
তুরীয়কে অমাত্র (মাত্রার ঊর্ধ্বে) বলা হয়। কারণ তুরীয় অবস্থা বর্ণনার অতীত।