ন নির্গতা অলাতাত্তে দ্রব্যত্বাভাবযোগতঃ।
বিজ্ঞানেঽপি তথৈব স্যুরাভাসস্যাবিশেষতঃ॥৫০
অন্বয়: তে (ঐসব আকৃতি); দ্রব্যত্বাভাবযোগতঃ (যেহেতু সেগুলি কাল্পনিক, বস্তু নয়); অলাতাৎ ন নির্গতাঃ (বাতি থেকে আসতে পারে না [অর্থাৎ যা বস্তু নয়, কাল্পনিক তা নড়াচড়া করতে পারে না]); আভাসস্য অবিশেষতঃ বিজ্ঞানে অপি (এইসব [আলোর] কল্পিত আকৃতির সঙ্গে মনের সৃষ্টির (যেমন জন্ম) কোন পার্থক্য নেই); তথা এব স্যুঃ (দুয়ের স্বরূপ একই [অর্থাৎ কারও মধ্যেই বস্তু নেই, দুই-ই কাল্পনিক])।
সরলার্থ: আলোর আকৃতিগুলি অলীক এবং তার মধ্যে কোন বস্তু নেই। সেগুলি বাতি থেকে উৎপন্ন হতে পারে না। মন-কল্পিত (যেমন জন্ম) বস্তু সম্পর্কেও একই কথা প্রযোজ্য। এই দুয়ের মধ্যে কোন পার্থক্য নেই। আমরা মনে করি তাদের অস্তিত্ব আছে, তাই সেগুলি আছে। তাঁরা সত্য নয়, মনের রচনা।
ব্যাখ্যা: একটি বাতি ঘোরানো হলে নানারকমের আকৃতির সৃষ্টি হয়। এইসব আকৃতি সত্য নয়, কল্পনামাত্র।
জন্মের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরকম বহু জিনিস আছে যা সত্য নয়, অলীক। বস্তুত সমগ্র দৃশ্যমান জগতের প্রকৃতিই এইরকম। মনে হয় ঘটনাগুলি ঘটছে কিন্তু সেগুলি আরোপিত, কল্পিত—যেমন অন্ধকারে দড়ির জায়গায় সাপকে কল্পনা করা হয়। দড়ির জায়গায় সাপ কখনো ছিলও না, থাকবেও না।