দুর্দর্শমতিগম্ভীরমজং সাম্যং বিশারদম্।
বুদ্ধ্বা পদমনানাত্বং নমস্কুৰ্মো যথাবলম্॥১০০
অন্বয়: দুর্দর্শম্ (বোঝা দুরূহ); অতি গম্ভীরম্ (প্রগাঢ়, সুগভীর); অজম্ (অনাদি); সাম্যম্ (সতত অপরিবর্তনীয়); বিশারদম্ (শুদ্ধ); অনানাত্বম্ (দুই নেই [অর্থাৎ আর বহু দেখে না]); পদম্ (এই মহান সত্য); বুদ্ধ্বা (বুঝে); যথাবলম্ (আমার যথাসাধ্য); নমস্কুৰ্মঃ (আমি নমস্কার করি)।
সরলার্থ: অদ্বৈততত্ত্ব ধারণা করা কঠিন। এই তত্ত্ব সুগভীর, অনাদি, সদা অপরিবর্তনীয়, শুদ্ধ এবং অদ্বৈত। আমি এই তত্ত্বকে বোঝার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছি। আমি তাঁকে নমস্কার করি।
ব্যাখ্যা: অদ্বৈততত্ত্ব অতি দুরূহ। কারণ এর প্রতিপাদ্য বিষয় হল আত্মা, যাঁকে নিয়ে বহু বিতর্কের অবকাশ আছে। কেউ বলেন আত্মা আছেন আবার কেউ বলেন নেই। এ প্রসঙ্গে বহু পরস্পর বিরোধী মতবাদ আছে। সাধারণ মানুষের কাছে এ তত্ত্ব সমুদ্রের মতোই গভীর।
গৌড়পাদ বলছেন, তিনি উপলব্ধি করেছেন এই আত্মা অনন্য, অনাদি, শুদ্ধ এবং অপরিবর্তিত। এই ধরনের বিষয় সম্পর্কে কিছু বলা প্রায় দুঃসাধ্য, কিন্তু তিনি এই কাজে যথাসাধ্য চেষ্টা করেছেন। এই পরম সত্যকে শ্রদ্ধা জানিয়ে আচার্য এই প্রকরণের উপসংহার টেনেছেন।