অথ হেন্দ্ৰোহপ্ৰাপ্যৈব দেবানেতদ্ভয়ং দদর্শ যথৈব খল্বমস্মিঞ্ছরীরে সাধু- অলঙ্কৃতে সাধ্বলঙ্কৃতে ভবতি সুবসনে সুবসনঃ পরিষ্কৃতে পরিষ্কৃত এবমেবায়মস্মিন্নন্ধেহন্ধো ভবতি স্লামে স্ত্রামঃ পরিবৃণে পরিবৃণোহস্যেব শরীরস্য নাশমন্বেষ নশ্যতি নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥ ১
অন্বয় : অথ হ ইন্দ্ৰঃ অপ্রাপ্য এব (না পাইয়া, না যাইয়া) দেবান্ (দেবতাদিগের নিকট) এতং ভয়ং (এই শঙ্কা) দদর্শ (দেখিল)—যথা এব (যেমন) খলু অয়ম্ (এই জলে প্রতিবিম্বিত দেহ) অস্মিন্ শরীরে সাধু+অলঙ্কৃতে (এই শরীর সুন্দররূপ অলঙ্কৃত হইলে) সাধু+অলঙ্কৃতঃ (সুন্দর অলঙ্কৃত) ভবতি (হয়), সুবসনে (সুবসন পরিধান করিলে)) সুবসন পরিহিত), পরিষ্কৃতে (পরিষ্কৃত হইলে) পরিষ্কৃতঃ, এবম্ এব (এই প্রকারেই) অয়ম্ অস্মিন্ অন্ধে (ইহা অন্ধ হইলে) অন্ধঃ ভবতি, স্লামে (খঞ্জ হইলে) স্লামঃ (খঞ্জ), পরিবৃষ্ণে (হস্তপদাদি ছিন্ন হইলে) পরিবৃষ্ণঃ, অস্য এব শরীরস্য (এই শরীরের নাশম্ অনু (নাশের পর) এষঃ (এই প্রতিবিম্বিত দেহ) নশ্যতি (বিনষ্ট হয়)। ন অহম্ (আমি) অত্র (এই উপদেশে) ভোগ্যম্ (ফল) পশ্যামি (দেখিতেছি) ইতি।
সরলার্থ : এদিকে দেবতাদের কাছে ফিরিয়া যাইবার পূর্বেই ইন্দ্রের আশঙ্কা হইল যে, এই দেহ সুন্দর অলঙ্কারে সজ্জিত হইলে জলে প্রতিবিম্বিত দেহও অলঙ্কৃত হয়, ইহা সুবসন পরিহিত হইলে ঐ দেহও তাহাই হয়, ইহা পরিষ্কৃত হইলে উহাও পরিষ্কৃত হয়। আবার এই দেহ অন্ধ হইলে প্রতিবিম্বও অন্ধ হয়, ইহা খঞ্জ হইলে উহাও হয়, ইহার হস্তপদাদি ছিন্ন হইলে উহারও তাহাই হয়, ইহার বিনাশ হইলে উহারও বিনাশ হয়। এই বিদ্যাতে আমি মঙ্গল দেখিতেছি না।
মন্তব্য : শঙ্করের মতে স্লাম শব্দের দুইটি অর্থ—(ক) কানা অর্থাৎ যাহার একটি মাত্র চক্ষু, (খ) যাহার চক্ষু ও নাসিকা হইতে ক্লেদ বহির্গত হয়। ঋগ্বেদে প্রথমোক্ত অর্থে ‘স্লাম’ শব্দের ব্যবহার আছে (৮।৪।৫)।