তদ্ধোভয়ে দেবাসুরা অনুবুবুধিরে তে হোচুর্হন্ত তমাত্মানমন্বিচ্ছামো যমাত্মানমন্বিষ্য সর্বাংশ্চ লোকানাপ্নোতি সর্বাংশ্চ কামানিতীন্দ্ৰো হৈব দেবানামভিপ্রবব্রাজ বিরোচনোহসুরাণাং তৌ হাসংবিদানাবেব সমিপাণী প্রজাপতি সকাশমাজগ্মতুঃ ॥ ২
অন্বয় : তৎ (সেই উপদেশ), হ উভয়ে (উভয়) দেবাসুরাঃ (দেবতা ও অসুরগণ) অনুবুবুধিরে (লোকপরম্পরায় জানিতে পারিয়াছিল; অনু=লোকপরম্পরায় কর্ণগোচর হইয়াছিল এই অর্থ প্রকাশ করিবার জন্য—শঙ্কর)। তে (তাহারা) হ উচুঃ (বলিয়াছিল)— হন্ত! তম্ আত্মানম্ (সেই আত্মাকে) অনু ইচ্ছামঃ (অন্বেষণ করি), যম্ আত্মানম্ (যে আত্মাকে) অন্বিষ্য (অন্বেষণ করিয়া) সর্বান্ চ লোকান্ (সমুদয় লোককে) আপ্নোতি (লাভ করে) সর্বান্ চ কামান্ (সমুদয় কামনাকে) ইতি। ইন্দ্র হ এব দেবানাম্ (দেবগণের মধ্যে) অভি প্রবব্রাজ (গমন করিলেন)। বিরোচনঃ অসুরাণাম্ (অসুরগণের মধ্যে)। তৌ (তাহারা দুই জন) হ অসংবিদানৌ (পরস্পরকে না জানাইয়া) এব সমিৎপাণী (সমিধহস্তে) প্রজাপতিসকাশম্ (প্রজাপতির নিকটে) আজগ্নতুঃ (গমন করিয়াছিলেন)।
সরলার্থ : দেব ও অসুর উভয়েই লোকপরম্পরায় এই উপদেশের কথা শুনিয়াছিলেন। তাঁহারা বলিলেন, ‘যে আত্মাকে অনুসন্ধান করিলে সর্বলোক ও সকল কাম্যবস্তু লাভ করা যায়, আমরা সেই আত্মার অনুসন্ধান করিব।’ এই উদ্দেশ্যে দেবগণের মধ্যে ইন্দ্র এবং অসুরগণের মধ্যে বিরোচন প্রজাপতির নিকট গেলেন। তাঁহারা পরস্পরকে না জানাইয়া সমিধহস্তে তাঁহার নিকট গেলেন।