স ব্রুয়ান্নাস্য জরয়ৈতজ্জীর্যতি ন বধেনাস্য হন্যত এতৎ সত্যং ব্রহ্মপুরমস্মিন্ কামাঃ সমাহিতা এষ আত্মাপহতপাদ্মা বিজরো বিমৃত্যুর্বিশোকো বিজিঘৎসোহপিপাসঃ সত্যকামঃ সত্যসংকল্পো যথা হ্যেবেহ প্রজা অন্বাবিশন্তি যথানুশাসনং যং যমন্তমভিকামা ভবন্তি যং জনপদং যং ক্ষেত্রভাগং তং তমেবোপজীবন্তি ॥ ৫
অন্বয় : সঃ (তিনি) ব্রুয়াৎ (বলিবেন)—ন (না) অস্য (ইহার অর্থাৎ দেহের) জরয়া (জরা দ্বারা) এতৎ (ইহা, হৃদয়স্থ আকাশ) জীর্ঘতি (জীর্ণ হয়), ন বধেন (বিনাশ দ্বারা) অস্য (ইহার, দেহের) হন্যতে (হত হয়)। এতৎ (ইহা) সত্যম্, ব্রহ্মপুরম্। অস্মিন (ইহাতে) কামাঃ (কামনাসমূহ) সবাহিতাঃ (নিহিত)। এষঃ (এই) আত্মা; অপহতপাদ্মা (যাহার পাপ বিগত হইয়াছে; পাপ্পা—পাপ, দুঃখ) বিজরঃ (জরারহিত), বিমৃত্যুঃ (মৃত্যুরহিত), বিশোকঃ (শোকরহিত) বিজিঘৎসঃ (ভোজনেচ্ছারহিত; জিঘৎসা—ভোজন করিবার ইচ্ছা) অপিপাসঃ (পিপাসারহিত) সত্যকামঃ (সত্য যাহার কামনা) সত্যসংকল্পঃ (সত্য যাহার সংকল্প)। যথা (যেমন) হি এব ইহ (ইহলোকে) প্রজাঃ (মানবগণ, অনু+আবিশন্তি (অনুবর্তন করে) যথা+অনুশাসনম্ (রাজশাসনানুসারে) যম্ যম্ অন্তম্ (যে যে প্রদেশকে) অভিকামাঃ ভবন্তি (কামনা করে)—যম্ জনপদম্ (যে কোন জনপদকে), যম্ ক্ষেত্রভাগম্ (যে কোন ক্ষেত্রকে)—তম্ তম্ এব (সেই সেই বস্তুকে) উপজীবন্তি (উপভোগ করিয়া থাকে)।
সরলার্থ : আচার্য উত্তরে বলিবেন—দেহের জরায় অন্তরস্থ আকাশ জীর্ণ হয় না; দেহ নষ্ট হইলে ইহার নাশ হয় না। ইহাই সত্যস্বরূপ ব্রহ্মপুর। ইহাতে সমস্ত কামনা নিহিত রহিয়াছে। ইনিই আত্মা এবং ইনি পাপ, জরা, মৃত্যু, শোক ও ক্ষুধারহিত— সত্যকাম, সত্যসংকল্প। এই পৃথিবীতে মানুষ যদি রাজার আদেশানুসারে কাজ করে তবে সে যে যে বস্তু কামনা করে—যে যে জনপদ, যে যে ক্ষেত্র লাভ করিতে ইচ্ছা করে—(রাজার অনুগ্রহে) সে সেই সবই লাভ করে।
মন্তব্য : ‘যম্ যম্ অন্তম্’, ‘যম্ জনপদম্’, ‘যম্ ক্ষেত্রভাগম্’—এই কয়েকটির একাধিক অর্থ হইতে পারে। কেহ কেহ বলেন ‘অন্তম্’ কথাটি ‘জনপদম্’ এবং ‘ক্ষেত্রভাগম্’ এই দুইটির বিশেষণ, ইহার অর্থ নিকটস্থ। কাহারও কাহারও মতে এখানে ‘অন্তম্, জনপদম্’ ও ‘ক্ষেত্রভাগম্’ এই তিনটি বিষয়ের কথা বলা হইয়াছে, ইহাদিগের মতে অন্তম্—প্রদেশ। আবার কেহ বলেন, ‘অন্তম্’ কথাটিকেই ‘জনপদম্’ ও ‘ক্ষেত্রভাগম্’ দ্বারা ব্যাখ্যা করা হইয়াছে, এস্থলে অন্তম্—নিকটস্থ বস্তু বা প্রদেশ। তাহা হইলে অর্থ হইবে এই— যে যে বস্তু কামনা করে, তাহা জনপদই হউক বা ভূমিখণ্ডই হউক ।