স হ গৌতমো রাজ্ঞোহর্ধমৈয়ায় তস্মৈ হ প্রাপ্তায়াহাঞ্চকার, স হ প্রাতঃ সভাগ উদেয়ায়, তং হোবাচ মানুষস্য ভগবান্ গৌতম বিত্তস্য বরং বৃণীথা ইতি। স হোবাচ তবৈব রাজন্ মানুষং বিত্তং যামেব কুমারস্যান্তে বাচমভ্যষথাস্তামেব মে রুহীতি। স হ কৃচ্ছ্রীবভুব ॥ ৬
অন্বয় : সঃ হ গৌতমঃ রাজ্ঞঃ (রাজার) অধম (স্থান), এয়ায় (গমন করিলেন)। তস্মৈ হ প্রাপ্তায় (সেই অভ্যাগতকে) অর্হাম্ চকার (পূজা করিলেন)। সঃ হ প্ৰাতঃ সভাগে (রাজা সভাগত হইলে) উদেয়ায় (উপস্থিত হইল)। তম্ হ উবাচ (বলিলেন) মানুষস্য [বিত্তস্য] (মানবসম্বন্ধী বিত্তের) ভগবন্ গৌতম, বিত্তস্য (বিত্তের) বরম্ বৃণীথা (প্রার্থনা করুন) ইতি। সঃ হ উবাচ—তব এব (আপনারই থাকুক) রাজ, মানুষম্ বিত্তম্ (মনুষ্যসম্বন্ধী বিত্ত)। যাম্ এব [বাচন] (যে বাক্যকে) কুমারস্য (কুমারের) অন্তে (নিকটে) বাচম্ অভাষথাঃ (বলিয়াছিলেন), তাম্ এব (সেই বাক্যকেই) মে (আমাকে) ব্রুহি (বলুন) ইতি। সঃ (রাজা) কৃচ্ছ্রী বভূব (দুঃখিত হইলেন)।
সরলার্থ : (তারপর) গৌতম রাজভবনে উপস্থিত হইলেন। রাজা অভ্যাগতকে সমাদর করিলেন প্রাতঃকালে রাজা সভায় উপস্থিত হইলেন, গৌতমও সেখানে গেলেন। রাজা তাঁহাকে বলিলেন—’ভগবান্ গৌতম মনুষ্যসুলভ বিত্তের জন্য বর প্রার্থনা করুন। গৌতম বলিলেন, “হে রাজন, বিত্ত আপনারই থাকুক। আপনি আমার পুত্রকে যাহা বলিয়াছিলেন, আমাকে তাহাই বলুন।’ এই কথা শুনিয়া রাজা বিষণ্ন হইলেন।
মন্তব্য : ডয়সন্ শেষ অংশের এরূপ অর্থ করিয়াছেন—’হে গৌতম, তুমি যেমন বলিলে যে তোমার পূর্বে কোন ব্রাহ্মণ এই বিদ্যা লাভ করে নাই, এজন্যই রাজ্য শাসন করিবার ক্ষমতা ক্ষত্রিয়দিগের হস্তেই রহিয়াছে।’ ইঁহার মতে প্রশাসন অর্থ শাসন করিবার।