তাবানস্য মহিমা ততো জ্যায়াশ্চ পুরুষঃ।
পাদোহস্য সর্বা ভূতানি ত্রিপাদস্যামৃতং দিবীতি ॥ ৬
অন্বয় : তাবান্ (সেই পরিমাণে) অস্য (ইহার) মহিমা; ততঃ (তাহা অপেক্ষা) জ্যায়ান্ চ (মহান্) পূরুষঃ (পুরুষ); পাদঃ (এক পাদ) অস্য সর্বা (বৈদিক প্রয়োগ সর্বাণি সমুদয়) ভূতানি (ভূতসমূহ); ত্রিপাৎ (তিন পাদ) অস্য অমৃতম্ (অমৃতস্বরূপ) দিবি (স্বর্গে) ইতি।
সরলার্থ : ইহার মহিমা এই প্রকার; পুরুষ ইহা অপেক্ষাও (অর্থাৎ এই মহিমা অপেক্ষাও) শ্রেষ্ঠ। সর্বভূত ইহার এক পাদ; অবশিষ্ট তিন পাদ স্বর্গে অমৃতরূপে প্রতিষ্ঠিত।
মন্তব্য : এই অংশ পুরুষসুক্ত হইতে গৃহীত হইয়াছে (ঋক্ ১০।৯০।৩)। ইহার প্রথম চারি মন্ত্রের অনুবাদ এই : (১) পুরুষের সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্ৰ পদ; তিনি পৃথিবীকে সর্বত্র পরিবেষ্টন করিয়া দশ অঙ্গুলী পরিমাণ ঊর্ধ্বে রহিয়াছেন। (২) যাহা হইয়াছে ও যাহা হইবে সবই সেই পুরুষ। (৩) এই প্রকার তাঁহার মহিমা; কিন্তু পুরুষ ইহা অপেক্ষাও শ্রেষ্ঠ। (৪) তিন পাদ লইয়া তিনি ঊর্ধ্বে উঠিলেন, আর এক পাদ এই স্থলে রহিল বা উৎপন্ন হইল। তারপর তিনি ভোজনকারী ও ভোজনরহিত সমস্ত বস্তুতে (অর্থাৎ চেতন, অচেতন সমস্ত কিছুতে) পরিব্যাপ্ত হইলেন। উপনিষদের এই স্থলে গায়ত্রীকে পুরুষরূপে কল্পনা করা হইয়াছে।