১৭৫. অথ জুহোতি নমোহগ্নয়ে পৃথিবীক্ষিতে লোকক্ষিতে লোকং মে
যজমানায় বিন্দেষ বৈ যজমানস্য লোক এতাস্মি ॥৫
১৭৬. অত্র যজমানঃ পরস্তাদায়ুষঃ স্বাহাহপজহি পরিঘমিত্যুক্তোত্তিষ্ঠতি
তস্মৈ বসবঃ প্রাতঃসবনং সংপ্রযচ্ছন্তি ॥৬
অন্বয় : অথ (অনন্তর) জুহোতি (আহুতি প্রদান করে)— নমঃ অগ্নয়ে (অগ্নিকে) পৃথিবীক্ষিতে (পৃথিবীনিবাসীকে), লোকক্ষিতে (লোকসমূহনিবাসীকে) লোকম্ (লোককে মে যজমানায় (যজমানরূপী আমাকে) বিন্দ (লাভ করাও)। এষঃ (এই আমি; ‘অহম্’ অর্থাৎ ‘আমি’ উহ্য) বৈ যজমানস্য (যজমানের) লোকে এতা (গমনকারী) অস্মি (হই)। অত্র (এইস্থলে) যজমানঃ পরস্তাৎ (পরে) আয়ুষঃ (আয়ুর)। ‘স্বাহা’ (‘স্বাহা” এই বাক্য উচ্চারণ করিয়া হোম করিবে)। অপজহি (দূর কর) পরিঘম্ (অর্গলকে) ইতি উজ্জ্বা (এই বলিয়া) উত্তিষ্ঠতি (উত্থিত হইবে)। তস্মৈ (তাহাকে) বসবঃ (বসুগণ) প্রাতঃসবনম্ (প্রাতঃসবনকে; এস্থলে প্রাতঃসবনের ফলকে) সম্প্রযচ্ছতি (দান করেন)।
সরলার্থ : (৫ম ও ৬ষ্ঠ মন্ত্র)— অনন্তর (এই মন্ত্র উচ্চারণ করিয়া) আহুতি প্রদান করিবে—’পৃথিবী ও অন্যান্য লোক-নিবাসী অগ্নিকে নমস্কার; যজমান আমাকে (শ্রেষ্ঠ) লোক লাভ করাও। আমি যজমানের লভ্য লোকে যাইব। আমি (যজমান) আয়ুক্ষয় হইলে এইখানে বাস করিব।’ (ইহার পর) ‘স্বাহা” (উচ্চারণ করিয়া হোম করিবে)। তারপর ‘অর্গল দূর কর’—এই বলিয়া যজমান উত্থান করেন। বসুগণ তাঁহাকে প্রাতঃসবনের ফল দান করেন।
মন্তব্য : ২।২৪।৫, কোন কোন সংস্করণে ‘এতা অস্মি’ এই অংশ ৬ষ্ঠ মন্ত্রে যুক্ত হইয়াছে। তাহা হইলে পঞ্চম মন্ত্রের শেষ অংশ এইরূপ হইবে—’এষঃ যজমানস্য লোকঃ’— ইহাই যজমানের লোক। ষষ্ঠ মন্ত্রের প্রথম অংশ এইরূপ হইবে—’এতা অস্মি অত্র যজমানঃ পরস্তাৎ আয়ুষঃ’=যজমান অর্থাৎ আমি মৃত্যুর পর এই স্থলে গমন করিব। ২।২৪।৬, হোম করিবার সময় ‘স্বাহা” এই বাক্য উচ্চারণ করা হয়। ‘স্বাহা’র ধাত্বর্থ কি তাহা বলা কঠিন। কেহ কেহ বলেন ইহার অর্থ ‘সু আহ্বান’। কেহ কেহ বলেন ইহার অর্থ ‘সু আহুতি’। কাহারও কাহারও মতে স্বাহা—সু + ‘আহা’ একটি অব্যয়। অথর্ববেদের একই মন্ত্রে স্বাহা এবং দুরাহা শব্দ ব্যবহৃত হইয়াছে (৮।৮।২৪)। শত্রুর উদ্দেশ্যে দুরাহা প্রয়োগ করা হইয়াছে। শুভকামানায় ‘স্বাহা’র ব্যবহার এবং অশুভ কামনায় ‘দুরাহা’র ব্যবহার।