তস্য যথাভিনহনং প্রমুচ্য প্রব্রুয়াদেতাং দিশং গন্ধারা এতাং দিশং ব্রজেতি স গ্রামাস্ গ্রামং পৃচ্ছন্ পণ্ডিতো মেধাবী গন্ধারানেবোপ- সম্পদ্যেতৈবমেবেহাচার্যবান্ পুরুষো বেদ তস্য তাবদেব চিরং যাব বিমোক্ষ্যেহথ সম্পৎস্য ইতি ॥ ২
অন্বয় : তস্য (তাহার) যথা (যেমন) অভিনহনম্ (চক্ষুর বন্ধন) প্রমুচ্য (মোচন করিয়া) প্রব্রুয়াৎ (কেহ বলে), এতাম্ দিশম্ (এইদিকে) গন্ধারা: (গন্ধার দেশ); এতাম্ দিশম্ ব্রজ (গমন কর) ইতি–সঃ গ্রামাৎ (এক গ্রাম হইতে) গ্রামম্ পৃচ্ছন (জিজ্ঞাসা করিয়া) পণ্ডিতঃ (উপদেশবান ‘হইয়া’) (মেধাবী অর্থাৎ বিচারসমর্থ ‘হইয়া’) গন্ধারান্ এব (গন্ধার প্রদেশেই) উপসম্পদ্যেত (উপস্থিত হয়)—এবম্ এব (এই প্রকারই) ইহ (এই পৃথিবীতে) আচার্যবান্ পুরুষঃ বেদ (জানেন)—তস্য [মম] (সেই আমার) তাবৎ এব (তত দিনই) চিরম্ (বিলম্ব) যাবৎ (যতদিন) ন (না) বিমোক্ষ্যে (দেহ হইতে বিমুক্ত হইবে)। অথ (অনন্তর) সম্পৎস (সৎস্বরূপকে প্রাপ্ত হইবে) ইতি।
সরলার্থ : তখন যেমন কেহ তাহার চোখের বন্ধন খুলিয়া দিয়া বলে— এইদিকে গন্ধার, এইদিকে যাও’ সে যেমন তখন গ্রাম হইতে গ্রামান্তরে জিজ্ঞাসা করিতে করিতে (এবং লোকের উপদেশে পথ বিষয়ে) অভিজ্ঞ ও বিচারসমর্থ হইয়া গন্ধার প্রদেশেই গিয়া পৌঁছায়; সেইরকম যিনি গুরুর উপদেশ পাইয়াছেন তিনি জানেন—’যতদিন দেহ হইতে মুক্ত না হইব তত দিনই দেরী, তাহার পর আমি সৎস্বরূপকে (ব্রহ্মকে) লাভ করিব।’
মন্তব্য : (ক) পণ্ডিতো মেধাবী’—কেহ কেহ অর্থ করেন—(যদি) সে পণ্ডিত (হয়) অর্থাৎ যদি সে বুদ্ধিমান হয়। (খ) এবম্ এর আচার্যবান্ পুরুষঃ ইত্যাদি। শঙ্কর এই অংশের এই রকম অর্থ করিয়াছেন—সেইরকম আচার্যবান পুরুষ (সৎস্বরূপ আত্মাকে) জানেন। যতদিন দেহ হইতে মুক্ত না হয় ততদিন তাঁহার বিলম্ব, তারপর তিনি সৎপুরুষকে পাইবেন।