স্বপ্নস্থানস্তৈজস উকারো দ্বিতীয়া মাত্রোৎকৰ্ষাদুভয়ত্বাদ্বোৎকৰ্ষতি
হ বৈ জ্ঞানসন্ততিং সমানশ্চ ভবতি নাস্যাব্রহ্মবিৎ কুলে
ভবতি য এবং বেদ॥১০
অন্বয়: স্বপ্নস্থানঃ তৈজসঃ (স্বপ্নাবস্থায় আত্মা); উকারঃ দ্বিতীয়া মাত্রা (‘অউম’-এর দ্বিতীয় অক্ষর উ-এর তুল্য); উৎকৰ্ষাৎ উভয়ত্বাৎ (উভয়ই সমভাবে গুরুত্বপূর্ণ, কারণ দুজনেই মধ্যবর্তীস্থান অধিকার করে আছেন [বিশ্ব এবং প্রাজ্ঞের মধ্যবর্তী অবস্থা হল তৈজস এবং উকার হল অ এবং ম-এর মধ্যবর্তী]); যঃ (মুমুক্ষু ব্যক্তি); এবম্ (উপরোক্ত মিল); বেদ (জানেন); জ্ঞানসন্ততিম্ উৎকৰ্ষতি (বোঝবার ক্ষমতার উন্নতি); [সতাম্] সমানঃ ভবতি (এক সাধু-পুরুষে পরিণত হন); অস্য কুলে (এমন প্রাজ্ঞ ব্যক্তির পরিবারে); অব্রহ্মবিৎ ন ভবতি (এমন কেউই জন্মগ্রহণ করেন না যিনি ব্রহ্মজ্ঞান অর্জনে অক্ষম)।
সরলার্থ: স্বপ্নাবস্থায় আত্মার তথা তৈজসের অবস্থান ‘অউম’-এর উ-এর তুল্য। কারণ উভয়ই মধ্যবর্তীস্থান অধিকার করে আছেন এবং উভয়ই সমান গুরুত্বপূর্ণ। যিনি এই দুই-এর অভিন্নতা জানেন তাঁর বোঝবার ক্ষমতা সকলের চেয়ে বেশি। এবং তিনি সাধু ব্যক্তিতে পরিণত হন। তাঁর পরিবারের সকলেই ব্রহ্মজ্ঞানী।
ব্যাখ্যা: উ অক্ষরটি হল তৈজস, যা স্বপ্নবস্থার আত্মার সঙ্গে তুলনীয়। স্বপ্নাবস্থাতেও অবশ্য আমাদের মধ্যে চৈতন্য থাকে। কি জাগ্রত, কি নিদ্রিত উভয় অবস্থাতেই একই ব্রহ্ম বিরাজিত। যিনি এ তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম, তাঁর বংশে কোনও ‘অব্রহ্মবিৎ’-এর জন্ম হয় না। সে বংশের সকলেই ব্রহ্মজ্ঞ পুরুষ হবেন। ব্রহ্মজ্ঞানের প্রশংসার্থেই উপনিষদ একথা বলছেন।