অজেষ্বজমসংক্রান্তং ধর্মেষু জ্ঞানমিষ্যতে।
যতো ন ক্ৰমতে জ্ঞানমসঙ্গং তেন কীর্তিতম্॥৯৬
অন্বয়: অজেষু ধর্মেষু জ্ঞানম্ অজম্ অসংক্রান্তম্ ইষ্যতে (আত্মায় নিহিত জ্ঞানও ঠিক আত্মার মতোই জন্মরহিত ও স্বতন্ত্র); যতঃ (যেহেতু); জ্ঞানং ন ক্ৰমতে (জ্ঞান [অন্য কোনও উৎস থেকে] আসে না); তেন (সেই কারণে); [ব্রহ্ম] অসঙ্গম্ (একা [স্বতন্ত্র]); কীর্তিতম্ (উল্লিখিত)।
সরলার্থ: আত্মায় নিহিত জ্ঞানও আত্মার মতোই শাশ্বত ও স্বাধীন। যেহেতু অন্য কোনও উৎস থেকে আত্মাকে এই জ্ঞান অর্জন করতে হয় না সেহেতু আত্মাকে স্বাধীন ও স্বতন্ত্র বলা হয়েছে।
ব্যাখ্যা: আত্মা জ্ঞানস্বরূপ। আত্মা এবং জ্ঞান অবিচ্ছেদ্য যেমন সূর্য এবং তার উত্তাপ। তিনি আকাশের মতো স্বতন্ত্র। কোন অবস্থাতেই আকাশের যেমন কোন পরিবর্তন হয় না, ঠিক তেমনি আত্মা অপরিবর্তনীয়। আবার আত্মার মতো জ্ঞানও স্বতন্ত্র, কারণ এই জ্ঞান কোন উৎস থেকে আসে না। জ্ঞান স্বয়ং প্রকাশিত। আত্মার মতো জ্ঞানও জন্মরহিত এবং শাশ্বত। অর্থাৎ এই জ্ঞান ও আত্মা অভেদ।