বৈশারদ্যং তু বৈ নাস্তি ভেদে বিচরতাং সদা।
ভেদনিম্নাঃ পৃথগ্বাদাস্তস্মাত্তে কৃপণাঃ স্মৃতাঃ॥৯৪
অন্বয়: সদা (সর্বদা); ভেদে বিচরতাম্ ([যারা] দ্বৈত জীবনচর্যায় মগ্ন); তু (আবার); বৈশারদ্যম্ (স্বচ্ছ [অর্থাৎ যুক্তিপূর্ণ চিন্তা]); ন বৈ অস্তি (তাদের আয়ত্ত নয়); তস্মাৎ (সুতরাং [যুক্তিপূর্ণ চিন্তা করার অক্ষমতার হেতু]); ভেদনিম্নাঃ পৃথগ্বাদাঃ (তারা [দ্বৈত] জগৎকে বেছে নেয় এবং বহু দেখে); তে [দ্বৈতিনাঃ] কৃপণাঃ স্মৃতাঃ (এই দ্বৈতবাদীরা সংকীর্ণচিত্ত ও হতভাগ্য)।
সরলার্থ: যাদের মন সবসময় দ্বৈতভূমিতে বিচরণ করে তারা কখনো শুদ্ধ আত্মাকে জানতে পারে না। যেহেতু তাঁরা সর্বত্র দুই দেখে এবং এই জগতের প্রতি আসক্ত হয়। এই দ্বৈতবাদীরা সংকীর্ণমনা এবং ভাগ্যহীন (যে হবেন) তাতে আর আশ্চর্য কি।
ব্যাখ্যা: যে আত্মাকে জানে না সে সংকীর্ণমনা এবং ভাগ্যহীন। এইরকম মানুষ জগতের প্রতি আসক্ত। সে এই জগৎকে ভোগ করতে চায়। ফলে তাকে অনেক দুঃখ ভোগ করতে হয়। তার দৃষ্টি স্বচ্ছ নয়। আত্মার শুদ্ধস্বরূপ তথা সর্বভূতে একত্ব দর্শন করতে সে অক্ষম। সে সবকিছুতে ভেদ দর্শন করে। তার দৃষ্টিতে কিছু জিনিস প্রিয় আবার কিছু অপ্রিয়। সেই অনুযায়ী সে প্রিয় বস্তুর পেছনে ছোটে আর অপ্রিয়কে ত্যাগ করে।