আদিশান্তা হ্যনুৎপন্নাঃ প্রকৃত্যৈব সুনিৰ্বৃতাঃ।
সর্বে ধর্মাঃ সমাভিয়াঃ অজং সাম্যং বিশারদম্॥৯৩
অন্বয়: সর্বে হি ধর্মাঃ (সকল, আত্মা); প্রকৃত্যা (স্বভাবত); এব আদিশান্তাঃ (সর্বদা প্রশান্ত); অনুৎপন্নাঃ (যার জন্ম নেই); সুনিৰ্বৃৰ্তাঃ (মুক্ত); সমাভিন্নাঃ (সতত অভিন্ন); [অতএব] অজম্ (অনাদি); সাম্যং বিশারদম্ (নিঃসন্দেহে সদাপ্রসন্ন)।
সরলার্থ: আত্মা স্বভাবতই সদা প্রশান্ত, জন্মরহিত, নিত্যমুক্ত, এবং সতত অভিন্ন। আত্মা যে অনাদি এবং সদাপ্রসন্ন এ-বিষয়ে সংশয়ের কোনও অবকাশ নেই।
ব্যাখ্যা: আত্মাকে প্রশান্ত বলা নিষ্প্রয়োজন। আত্মা স্বভাবতই শান্ত, চেষ্টা করে তাঁকে শান্ত করতে হয় না। আত্মার জন্ম নেই। আত্মা সদা বিদ্যমান, অপরিবর্তনীয় ও সর্বদা অভিন্ন। আত্মা নিত্যমুক্ত। যখন বলা হয় আত্মা অপরিবর্তনীয় তার অর্থ হল আত্মা যা আত্মা তাই। তাঁর পক্ষে এক অবস্থা থেকে অন্য অবস্থা প্রাপ্ত হওয়ার কোন প্রশ্নই ওঠে না।
আত্মা শব্দটি এখানে বহুবচনে ব্যবহৃত, কিন্তু বস্তুত আত্মা এক ও অভিন্ন। অজ্ঞ ব্যক্তিদের কথা মনে রেখেই বহুবচন ব্যবহার করা হয়েছে। এর অর্থ পরবর্তী শ্লোকে স্পষ্ট হবে।