প্রকৃত্যাঽঽকাশবজ্জ্ঞেয়াঃ সর্বে ধর্মা অনাদয়ঃ।
বিদ্যতে ন হি নানাত্বং তেষাং ক্বচন কিঞ্চন।৯১
অন্বয়: সর্বে ধর্মাঃ (সকল জীবাত্মা); প্রকৃত্যা আকাশবৎ অনাদয়ঃ জ্ঞেয়াঃ (স্বভাবত আকাশের মতো [কারণ আত্মা নিষ্কলঙ্ক] এবং শাশ্বত বলে পরিচিত); তেষাং ক্বচন কিঞ্চন (এই আত্মার মধ্যে কোথাও এতটুকু); নানাত্বং ন হি বিদ্যতে (দ্বৈত বলে কিছু নেই)।
সরলার্থ: সকল জীবাত্মা স্বভাবত আকাশের মতো (কারণ জীবাত্মা নিষ্কলঙ্ক) এবং শাশ্বত বলে পরিচিত। এইসব জীবাত্মার মধ্যে দ্বৈতের কোনও স্থান নেই।
ব্যাখ্যা: মুমুক্ষু ব্যক্তি সকল জীবাত্মাকে (অনেক সময়েই ধর্ম বলে উল্লিখিত) আকাশের মতো সূক্ষ্ম, নিষ্কলঙ্ক, অনাদি এবং সর্বব্যাপী বলে গ্রহণ করবেন। ‘ধর্ম’ শব্দটি এখানে বহুবচনে (ধর্মাঃ) ব্যবহার করা হয়েছে। কিন্তু সেইজন্য আমরা যেন ভুল না করি আত্মা অনেক। কোন অর্থেই আত্মা অনেক নয়—এক ও অভিন্ন।