সুখমাব্রিয়তে নিত্যং দুঃখং বিব্রিয়তে সদা।
যস্য কস্য চ ধর্মস্য গ্রহেণ ভগবানসৌ॥৮২
অন্বয়: যস্য কস্য চ ধর্মস্য গ্রহেণ (কোন কিছুতে তোমার অনুরাগ হলে); অসৌ ভগবান্ সদা সুখম্ আব্রিয়তে নিত্যম্ (আত্মাকে তোমার থেকে সুদীর্ঘকাল আড়াল করে রাখতে পারে); দুঃখং বিব্রিয়তে ([কিন্তু] আত্মাকে যদি তুমি দর্শন করতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে)।
সরলার্থ: কোন বস্তুতে আমাদের অনুরাগ হলে সেই বস্তু সহজেই আত্মাকে আমাদের কাছ থেকে আড়াল করে রাখে। কিন্তু আত্মার সাক্ষাৎকার লাভ করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
ব্যাখ্যা: প্রশ্ন হল: ‘আত্মা যদি সদা জ্যোতির্ময় হন তবে তাঁকে আমরা দেখতে পাই না কেন?’ দোষ আমাদেরই। আত্মাই একমাত্র সত্য, অন্য কোন কিছু সত্য নয়। তবু অজ্ঞানতাবশত আমরা যা মিথ্যা তার প্রতি আকৃষ্ট হই। এই মিথ্যাকে আমরা এতই ভালোবাসি যে আত্মাকে ভুলে থাকি। আমাদের প্রিয় বস্তুটি সত্য নয়, তবু তা আমাদের মুগ্ধ করে—এটাই পরিতাপের বিষয়। এর ফলে আত্মা আমাদের নাগালের বাইরে থেকে যান।
আমাদের স্বভাবদোষেই আত্মাকে জানা এত কঠিন হয়ে পড়ে। এইসব দোষ দূর করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এ ব্যাপারে সদ্গুরুর কাছে শিক্ষাগ্রহণও আমাদের পক্ষে অপরিহার্য।
আত্মা সহজেই নিজেকে লুকিয়ে রাখেন, তাঁকে লাভ করা দুরূহ।