নিবৃত্তস্যাবৃত্তস্য নিশ্চলা হি তদা স্থিতিঃ।
বিষয়ঃ স হি বুদ্ধানাং তৎসাম্যমজমদ্বয়ম্॥৮০
অন্বয়: তদা (তখন); হি (নিশ্চিতভাবে); নিবৃত্তস্য ([যদি তুমি ঐসব অসত্য বস্তু থেকে] দূরে থাক); অপ্রবৃত্তস্য (আর কখনো সেগুলিকে ভোগ না করে); নিশ্চলা (মন শান্ত হয়); স্থিতিঃ ([একমাত্র ব্রহ্মে] স্থির); হি (এইভাবে); বুদ্ধানাম্ (যাঁরা আত্মজ্ঞান লাভ করেছেন); সঃ (পরমাত্মা); বিষয়ঃ ([তাঁদের সব কর্মের] কেন্দ্রবিন্দু); তৎ (ঐ); অজম্ (জন্মরহিত); অদ্বয়ম্ (অদ্বিতীয়); সাম্যম্ (সতত অভিন্ন)।
সরলার্থ: ইন্দ্রিয়ের বিষয়বস্তু থেকে দূরে থেকে আর কখনো সেগুলি ভোগ না করলে মন শান্ত হয়, ব্রহ্মে একাগ্র হয়। যাঁরা আত্মজ্ঞান লাভ করেছেন তাঁদের সব চিন্তার কেন্দ্রে একমাত্র ব্রহ্ম—যিনি জন্মরহিত, অদ্বিতীয় ও সদা অভিন্ন।
ব্যাখ্যা: আমাদের আরম্ভ করতে হবে ইন্দ্রিয়ের বিষয়বস্তু ত্যাগের মধ্য দিয়ে। তারপর ব্রহ্মে মন একাগ্র করার চেষ্টা করতে হবে। যাঁরা আত্মজ্ঞান লাভ করেছেন তাঁরা আত্মাতেই মগ্ন হয়ে আছেন। অতএব তাঁদের কাছে একমাত্র আত্মাই সত্য। এই আত্মার জন্ম নেই। আত্মা অপরিবর্তনীয়, এক ও অদ্বিতীয়।