অজাতস্যৈব ধর্মস্য জাতিমিচ্ছন্তি বাদিনঃ।
অজাতো হ্যমৃতো ধর্মো মর্ত্যতাং কথমেষ্যতি॥৬
অন্বয়: বাদিনঃ (দ্বৈতবাদীরা); অজাতস্য ধর্মস্য (যা জন্মরহিত তার); এব জাতিম্ ইচ্ছন্তি (এমন বস্তুরও জন্মের স্বপক্ষে তর্কবিচার করেন); অজাতঃ হি অমৃতঃ ধর্মঃ (যার জন্ম নেই তার [অবশ্যই] মৃত্যুও নেই); কথং মর্ত্যতাম্ এষ্যতি (কিভাবে মরণশীল হতে পারে?)।
সরলার্থ: যা জন্মরহিত তারও জন্ম হতে পারে—এ জাতীয় তর্ক দ্বৈতবাদীরা করে থাকেন। কিন্তু যার জন্ম নেই তার মৃত্যুও থাকতে পারে না। সুতরাং এমন বস্তুর (যা জন্মরহিত) মৃত্যু কেমন করে হতে পারে?
[কারিকাভাষ্য ৩।২০ এবং ৪।৩ দ্রষ্টব্য]
ন ভবত্যমৃতং মর্ত্যং ন মর্ত্যমমৃতং তথা।
প্রকৃতেরন্যথাভাবো ন কথঞ্চিদ্ভবিষ্যতি॥৭
অন্বয়: অমৃতম্ (যা অবিনাশী); মর্ত্যং ন ভবতি (বিনাশশীল হতে পারে না); তথা (সেইভাবে); মর্ত্যম্ (যা মরণশীল); অমৃতং ন [ভবতি] (অবিনাশী হতে পারে না); কথঞ্চিৎ (যে-কোনও বস্তু); প্রকৃতেঃ অন্যথাভাবঃ ন ভবিষ্যতি (প্রকৃতিদত্ত স্বভাবকে অতিক্রম করতে পারে না)।
সরলার্থ: যা স্বভাবত অবিনাশী তার বিনাশ হতে পারে না। একইভাবে যা মরণশীল তা অবিনাশী হতে পারে না। প্রকৃতি যে বস্তুকে যেমনভাবে সৃষ্টি করেছেন তার থেকে সে অন্যরকম হতে পারে না।
[কারিকাভাষ্য ৩।২১ দ্রষ্টব্য]
স্বভাবেনামৃতো যস্য ধর্মো গচ্ছতি মর্ত্যতাম্।
কৃতকেনামৃতস্তস্য কথং স্থাস্যতি নিশ্চলঃ॥৮
অন্বয়: যস্য (যিনি মনে করেন); স্বভাবেন অমৃতঃ ধর্মঃ (যে বস্তু স্বভাবতই মৃত্যুহীন [তাও তার স্বভাবের পরিবর্তন করতে পারে এবং]); মর্ত্যতাং গচ্ছতি (মরণশীল হতে পারে [তাঁর কাছে আমাদের জিজ্ঞাসা]); তস্য কৃতকেন (তাঁর নিজের চেষ্টায় অর্জিত); অমৃতঃ (মোক্ষ); কথং স্থাস্যতি নিশ্চলঃ (কিভাবে চিরস্থায়ী হবে?)।
সরলার্থ: যদি কেউ বলেন কোন বস্তু স্বভাবত অবিনাশী হয়েও নিজ স্বভাব পরিবর্তন করতে পারে অর্থাৎ বিনাশশীল হতে পারে তবে (আমরা তাঁকে প্রশ্ন করব) কঠোর সাধনায় তুমি যে মোক্ষলাভ করেছ তাও বদলাতে পারে? অর্থাৎ তোমার মোক্ষ কি চিরস্থায়ী নয়?
[কারিকাভাষ্য ৩।২২ দ্রষ্টব্য]