উভে হ্যন্যোন্যদৃশ্যে তে কিং তদস্তীতি নোচ্যতে।
লক্ষণাশূন্যমুভয়ং তন্মতেনৈব গৃহ্যতে॥৬৭
অন্বয়: তে উভে (মন এবং বস্তু উভয়ই); হি (নিশ্চিতভাবে); অন্যোন্যদৃশ্যে (পরস্পরের উপর নির্ভরশীল [অতএব বিজ্ঞজনেরা কিভাবে]); তৎ অস্তি ইতি কিং ন উচ্যতে (বলতে পারেন এদের মধ্যে একটির অস্তিত্ব আছে? [তাঁরা বলেন] কোনটিরই অস্তিত্ব নেই); লক্ষণাশূন্যম্ (তাদের অস্তিত্বের কোন প্রমাণ নেই); উভয়ম্ (মন এবং বস্তু); তন্মতেন এব গৃহ্যতে (একসঙ্গে হলে তবেই প্রত্যক্ষ হয়)।
সরলার্থ: মন এবং বস্তু উভয়ই পরস্পরের উপর নির্ভরশীল। (যদি কেউ জিজ্ঞাসা করেন) ‘কোনটির অস্তিত্ব আছে?’ (প্রাজ্ঞজনেরা বলেন) ‘কোনটিরই নেই।’ তাদের অস্তিত্বের কোন প্রমাণ নেই। উভয়ে একত্র হলে তবেই তাদের উপস্থিতি বোঝা যায়।
ব্যাখ্যা: বস্তু যদি না থাকে তবে মনও থাকে না। উভয়ে একত্র হলে তবেই তাদের অস্তিত্ব। অর্থাৎ তারা পরস্পরের উপর নির্ভরশীল। তাদের স্বতন্ত্র অস্তিত্ব নেই। অন্তত তাদের অস্তিত্বের কোন প্রমাণ নেই। প্রাজ্ঞজনেরা তাই বলে থাকেন ওগুলি সত্য নয়।
বস্তুত প্রাজ্ঞ ব্যক্তিরা বলেন যে ‘কিছু আছে’ এই উক্তি ভ্রান্ত। যার স্বতন্ত্র সত্তা নেই তার প্রকৃতপক্ষে অস্তিত্বই নেই। ‘জ্ঞাতা’ ও ‘জ্ঞেয়’ পৃথকভাবে থাকে না। সেহেতু অদ্বৈতমতে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা পৃথক সত্তা নয়—এক ও অভিন্ন।