নাজেষু সর্বধর্মেষু শাশ্বতাশাশ্বতাভিধা।
যত্র বর্ণা ন বর্তন্তে বিবেকস্তত্র নোচ্যতে॥৬০
অন্বয়: অজেষু সর্বধর্মেষু (জন্মবিহীন জীবাত্মা সম্পর্কে); শাশ্বত-অশাশ্বত-অভিধা ন (অমর বা মরণশীল শব্দগুলি প্রযোজ্য নয়); যত্র (যেখানে); বর্ণাঃ ন বর্তন্তে (বর্ণনার ভাষা নেই); তত্র (সেখানে); বিবেকঃ (নিত্য-অনিত্যের পার্থক্য); ন উচ্যতে (প্রযোজ্য নয়)।
সরলার্থ: জীবাত্মার জন্ম হয় না। সুতরাং সেক্ষেত্রে অমর বা মরণশীল এই শব্দগুলি প্রযোজ্য নয়। যা বর্ণনা করা যায় না তাকে শাশ্বত বা অশাশ্বত কিভাবে বলব?
ব্যাখ্যা: আত্মার কখনো জন্ম হয় না; আত্মা চিরন্তন এবং জ্ঞানস্বরূপ। আত্মাকে বর্ণনা করা যায় না। শাস্ত্র বলছেন ‘যতো বাচঃ নিবর্তন্তে’—যেখান থেকে শব্দ ব্যর্থ হয়ে ফিরে আসে। তাই ‘মরণশীল’ ‘অমর’ ইত্যাদি শব্দ দিয়ে তাঁকে বর্ণনা করার প্রয়াস বৃথা।