যথা মায়াময়াদ্ বীজাজ্জায়তে তন্ময়োঽঙ্কুরঃ।
নাসৌ নিত্যো ন চোচ্ছেদী তদ্বদ্ধর্মেষু যোজনা॥৫৯
অন্বয়: যথা মায়াময়াৎ বীজাৎ জায়তে (জাদুখেলায় যেমন জাদুবীজ থেকে); তন্ময়ঃ অঙ্কুরঃ (জাদুগাছ জন্মায়); অসৌ (সেই গাছ); ন নিত্যঃ (চিরন্তন নয়); ন চ উচ্ছেদী (বিনাশশীল নয়); তদ্বৎ (সেইরকম); ধর্মেষু যোজনা (আত্মায় প্রযোজ্য)।
সরলার্থ: (জাদুকর) মায়াবীজ থেকে মায়াগাছ উৎপন্ন করে। সেই গাছ নিত্য নয়। আবার তাকে বিনাশও করা যায় না। একই কথা আত্মা সম্পর্কেও প্রযোজ্য।
ব্যাখ্যা: জাদুর খেলায় দেখা যায় আমের আঁটি থেকে আমগাছ বেরিয়ে এল। কিন্তু সমস্তটাই ভোজবাজি। আঁটিটাও সত্য নয়, গাছটাও সত্য নয়। সুতরাং গাছটা বিনাশশীল না অবিনাশী সে প্রশ্নই ওঠে না।
জীবাত্মা সম্পর্কে একই কথা প্রযোজ্য কারণ জীবাত্মাও সত্য নয়।