সংবৃত্যা জায়তে সর্বং শাশ্বতং নাস্তি তেন বৈ।
সদ্ভাবেন হ্যজং সর্বমুচ্ছেদস্তেন নাস্তি বৈ॥৫৭
অন্বয়: সংবৃত্যা (সমষ্টি অজ্ঞানতার [অর্থাৎ অবিদ্যার] প্রভাবে); সর্বম্ (সকল বস্তু); জায়তে (জন্মায়); তেন (এই কারণে); শাশ্বতং ন অস্তি বৈ (চিরন্তন বলে কিছু নেই [কিন্তু একই সঙ্গে]); সর্বম্ (জগতের সবকিছু); হি (নিশ্চিতভাবে); সদ্ভাবেন (ব্রহ্মরূপে); অজম্ (জন্মরহিত); তেন (একই কারণে); উচ্ছেদঃ (বিনাশ); বৈ (ও); ন অস্তি (নেই)।
সরলার্থ: অবিদ্যার প্রভাবে সকল বস্তুর জন্ম হয়ে থাকে। সেহেতু চিরন্তন বলে কিছু নেই। কিন্তু একইসঙ্গে ব্রহ্মরূপে এই জগতে কোন কিছুরই জন্ম হয়নি। অর্থাৎ জগতে বিনাশ বলেও কিছু নেই।
ব্যাখ্যা: ব্যবহারিক দৃষ্টিতে দেখতে গেলে, অবিদ্যার প্রভাবে সবকিছুরই জন্ম এবং বিনাশ আছে। কিছুই চিরন্তন নয়। তবু, পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম বৈ আর কিছুই নেই। অর্থাৎ যাকে আমরা ব্যবহারিক জগৎ বলি তাও ব্রহ্ম। সেই অর্থে দেখলে জগতে মৃত্যু বা বিনাশ বলে কিছু নেই।