যাবদ্ধেতুফলাবেশঃ সংসারস্তাবদায়তঃ।
ক্ষীণে হেতুফলাবেশে সংসারং ন প্রপদ্যতে॥৫৬
অন্বয়: যাবৎ হেতুফলাবেশঃ (যতক্ষণ কার্য-কারণ সম্পর্কে অনুরাগ থাকে); তাবৎ (ততক্ষণ পর্যন্ত); সংসারঃ ([জন্ম-মৃত্যু ইত্যাদি নিয়ে] এই জগৎ); আয়তঃ (ব্যাপ্ত [অর্থাৎ বেড়ে যায়]); হেতুফলাবেশে ক্ষীণে (যখন কার্য-কারণ সম্পর্কে অনুরাগ কমে যায়); সংসারং ন প্রপদ্যতে (তখন আর সংসারে প্রত্যাবর্তন করতে হয় না)।
সরলার্থ: যতক্ষণ মানুষ কার্য-কারণ সম্পর্কে আসক্ত থাকে ততক্ষণ তাকে এই (দুঃখের) সংসারে বদ্ধ থেকে নানা যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু এই আসক্তি জয় করতে পারলে মানুষকে আর এই জগতে ফিরে আসতে হয় না (অর্থাৎ সে তখন মুক্ত হয়ে যায়)।
ব্যাখ্যা: কার্য-কারণ সম্পর্কে মানুষ গুরুত্ব দেয় কেন? কারণ তারা অজ্ঞ। তারা আত্মসর্বস্ব, মনে করে এ জীবন ভোগের জন্য। তাই তারা ইন্দ্রিয়সুখের পেছনে ছোটে, কিন্তু কখনো সুখী হয় না। নিজের স্বার্থ ছাড়া তারা কখনো কিছু করে না, সবসময় প্রতিদান আশা করে। তাই কারণ থাকলে কার্য থাকবেই এই ধারণা তাদের পছন্দসই।
কিন্তু একটা সময় আসে যখন তারা তাদের ভুল বুঝতে পারে। তারা উপলব্ধি করে এই সংসার ক্ষণস্থায়ী এবং জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ। তখন মনকে তাঁরা ইন্দ্রিয়সুখের পথ থেকে ফিরিয়ে আত্মার দিকে চালনা করে। কালে তাদের মোক্ষলাভ হয়।