যাবদ্ধেতুফলাবেশস্তাবদ্ধেতুফলোদ্ভবঃ।
ক্ষীণে হেতুফলাবেশে নাস্তি হেতুফলোদ্ভবঃ॥৫৫
অন্বয়: যাবৎ হেতুফলাবেশঃ (কার্য-কারণ সম্পর্কে যতক্ষণ বিশ্বাস করা যায়); তাবৎ হেতুফলোদ্ভবঃ (ততক্ষণ পর্যন্ত কার্য-কারণ সম্পর্ক সত্য বলে প্রতিভাত হয়); হেতুফলাবেশে ক্ষীণে (কার্য-কারণ সম্পর্কে বিশ্বাস যদি ক্ষীণ হয়ে আসে); হেতুফলোদ্ভবঃ ন অস্তি (তখন কার্য-কারণ সম্পর্কের ক্রিয়াকলাপ আর দেখা যাবে না)।
সরলার্থ: যতক্ষণ পর্যন্ত কার্য-কারণ সম্পর্ককে আমরা গুরুত্ব দিই, ততক্ষণ পর্যন্ত এ সম্পর্ক সত্য বলে মনে হয়। কিন্তু যখন আমরা এই সম্পর্কের প্রতি উদাসীন থাকি, তখন দেখা যায় সম্পর্কটি মিথ্যা।
ব্যাখ্যা: মানুষ কেন কার্য-কারণ সম্পর্কে বিশ্বাসী? কারণ সে ভালো ফল লাভের আশায় কর্ম করে। সেই ফল তারা হাতে হাতে নাও পেতে পারে কিন্তু তারা আশা রাখে এ জীবনে না হলেও জন্মান্তরে ফললাভ হবেই।
এ হল ঘোর অজ্ঞতা। মানুষ যেন সম্মোহিত হয়ে আছে। কিন্তু কিভাবে তারা এই অজ্ঞতাকে অতিক্রম করবে? কার্য-কারণ সম্পর্কের অর্থ দ্বৈতবাদ। কাজেই তাদের স্মরণ করিয়ে দিতে হবে—দুই নেই, সব এক। ব্রহ্মই একমাত্র সত্য। এই ব্রহ্মই চৈতন্য তথা আত্মা। এই আত্মার উপরেই নানা উপাধি যেমন কার্য-কারণ সম্পর্ক আরোপিত হয়ে থাকে।