এবং ন চিত্তজা ধর্মাশ্চিতং বাঽপি ন ধর্মজম্।
এবং হেতুফলাজাতিং প্রবিশন্তি মনীষিণঃ॥৫৪
অন্বয়: এবম্ (এইভাবে); ধর্মাঃ (বাহ্যবস্তুসমূহ); চিত্তজাঃ ন (চৈতন্য থেকে উৎপন্ন নয়); চিত্তং বা অপি ধর্মজং ন ([একইভাবে] বাহ্যবস্তু থেকেও চৈতন্য উৎপন্ন হয়নি); মনীষিণঃ (প্রাজ্ঞ ব্যক্তিরা); এবম্ (এই কারণে); হেতুফল-অজাতিং প্রবিশন্তি (কার্য-কারণ সম্পর্কের সূচনাই বাতিল করে দেন)।
সরলার্থ: এইভাবে আমরা জানি যে বাহ্যবস্তু চৈতন্য থেকে উৎপন্ন নয় এবং বাহ্যবস্তু থেকেও চৈতন্যের উৎপত্তি হয়নি। সুতরাং প্রাজ্ঞ ব্যক্তিরা কার্য-কারণ সম্পর্কের সূচনাই বাতিল করে দেন।
ব্যাখ্যা: মন চৈতন্য ছাড়া আর কিছু নয়। বাইরের বস্তুসকল মন থেকে উৎপন্ন নয়, আবার বাইরের বস্তু থেকেও মনের সৃষ্টি হয়নি। এই সমগ্র জগৎ ও তার কার্যকলাপ সেই পরম সত্য বা আত্মার বাহ্য প্রকাশমাত্র। এই পরম সত্যই ব্রহ্ম তথা চৈতন্য। এখানে কার্য-কারণ সম্পর্কের কোন স্থান নেই। আত্মা এক ও অভেদ। বিভিন্ন নাম-রূপ আত্মার উপর আরোপিত উপাধিমাত্র।