দ্রব্য দ্রব্যস্য হেতুঃ স্যাদন্যদন্যস্য চৈব হি।
দ্রব্যত্বমন্যভাবো বা ধর্মাণাং নোপপদ্যতে॥৫৩
অন্বয়: দ্রব্যং দ্রব্যস্য হেতুঃ স্যাৎ (একটি পদার্থ আর একটি পদার্থের কারণ হতে পারে); অন্যৎ (যাতে পদার্থ নেই [অর্থাৎ অবস্তু]); চ অন্যস্য এব [হেতুঃ] হি [স্যাৎ] (অন্য কোন অবস্তুর কারণও হতে পারে); ধর্মাণাং দ্রব্যত্বম্ অন্যভাবঃ বা (জীবাত্মারা বস্তু না অবস্তু এই বিষয়ে); ন উপপদ্যতে (প্রশ্নই ওঠে না)।
সরলার্থ: একমাত্র একটি বস্তুই অন্য আর একটি বস্তুর উৎপত্তির কারণ হতে পারে। অনুরূপভাবে কোন অবস্তু (অর্থাৎ অলীক) আর একটি অবস্তুরও কারণ হতে পারে। জীবাত্মা প্রসঙ্গে বলা যায় যে জীবাত্মা বস্তু না অবস্তু তার প্রশ্নই ওঠে না।
ব্যাখ্যা: আত্মা যে এক এবং জন্মরহিত একথা পূর্বেই প্রতিষ্ঠিত। তবু এমন কিছু মানুষ আছেন যাঁরা দ্বিতত্ত্বের উপর জোর দিয়ে থাকেন। তাঁদের মতে, এক বস্তু থেকেই আর একটি বস্তুর উৎপত্তি হয়। তাহলে আত্মার সম্বন্ধে কি বলা যায়? আত্মার স্রষ্টা কে? আত্মা নিশ্চয়ই নিজেকে নিজে সৃষ্টি করেননি।
যেহেতু আত্মা বস্তুও নন অবস্তুও নন, অতএব আত্মা কারণও হতে পারেন না কার্যও হতে পারেন না। আত্মা স্বতন্ত্র, অদ্বিতীয় এবং অনন্য।