অলাতে স্পন্দমানে বৈ নাভাসা অন্যতোভুবঃ।
ন ততোঽন্যত্র নিস্পন্দান্নালাতং প্রবিশন্তি তে॥৪৯
অন্বয়: অলাতে স্পন্দমানে (যখন বাতিটি ঘোরানো হচ্ছে); অভাসাঃ ন বৈ অন্যতোভুবঃ (আকৃতিগুলি [ঋজু, বক্র ইত্যাদি যেরকম দেখা যায়] অন্য কোন উৎস থেকে আসে না); ততঃ নিস্পন্দাৎ (যখন বাতিটি থেকে যায় তার থেকে); অন্যত্র ন ([আকৃতিগুলি] অন্য কোথাও যায় না); তে অলাতং ন প্রবিশন্তি (সেগুলি বাতিতে ফিরেও আসে না)।
সরলার্থ: বাতিটি যখন ঘুরছে তখন যে আকৃতিগুলি দেখা যায় (সোজা অথবা বাঁকা) সেগুলি অবশ্যই বাতি ছাড়া অন্য কোনও উৎস থেকে আসেনি। অনুরূপভাবে, যখন বাতিটির ঘোরা থেমে যায়, আকৃতিগুলি অন্যত্র চলে যায় না বা বাতিতেও ফিরে আসে না।
ব্যাখ্যা: যখন বাতিটি ঘোরানো হয় তখন নানা আকৃতি দৃষ্টিগোচর হয়। কিন্তু সেগুলিতে কোন বস্তু নেই, কাল্পনিক। ঠিক তেমনি যখন আত্মা নিজেকে প্রকাশ করে তখন নানা নাম ও রূপ দেখা যায়, কিন্তু সেগুলি সবই কাল্পনিক। যখন আত্মার কোন প্রকাশ থাকে না অর্থাৎ দুই থাকে না তখনি আত্মাকে স্বরূপে জানা যায়—অর্থাৎ তখনি আত্মজ্ঞান লাভ হয়।